বিনোদন
বাগদানের ঘোষণা দিয়ে ইন্টারনেটে ঝড় তুললেন টেলর সুইফট, শুভেচ্ছা জানালেন ট্রাম্প
গ্লোবাল পপ সেনসেশন টেলর সুইফট ও এনএফএল তারকা ট্র্যাভিস কেলসে তাদের বাগদানের ঘোষণা দিয়ে যেন গোটা ইন্টারনেটকেই নাড়িয়ে দিয়েছেন। ইনস্টাগ্রামে পাঁচটি মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করে সুখবরটি জানিয়েছেন এই তারকা জুটি।
পোস্টের ক্যাপশনে রসিকতা করে তারা লেখেন, “আপনাদের ইংরেজি শিক্ষক আর জিম শিক্ষক বিয়ে করতে যাচ্ছেন।”

আর এই ক্যাপশন ও ছবিগুলো যেন মুহূর্তেই ঝড় তোলে সামাজিক মাধ্যমে মাত্র ১৩ ঘণ্টার মধ্যে ইনস্টাগ্রামে পোস্টটি পেয়ে যায় ২৬ মিলিয়নেরও বেশি লাইক, যা নতুন রেকর্ড গড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও এখনো অফিসিয়ালি তা নিশ্চিত হয়নি।
এই ঘোষণা ঘিরে যেমন উচ্ছ্বসিত ভক্তরা, তেমনি প্রযুক্তি জায়ান্ট গুগলও চমক দিয়েছে বিশেষভাবে। গুগলে "Taylor Swift" সার্চ করলে দেখা যাচ্ছে রঙিন কনফেটি অ্যানিমেশন, যা ক্লিক করলেই সরাসরি নিয়ে যাচ্ছে সেই ইনস্টাগ্রাম পোস্টে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও শুভেচ্ছা জানিয়েছেন সুইফট-কেলসে জুটিকে। এক বিবৃতিতে তিনি বলেন, “তাদের জন্য আমার শুভকামনা রইলো। কেলসে একজন দারুণ মানুষ।”

২০২৩ সালে এই দুই তারকার প্রেমের গুঞ্জন প্রথম শোনা যায় কেলসের পডকাস্ট "নিউ হাইটস"-এ টেলরের নাম আসার পর। এরপর জুলাইয়ে কেলসে টেলরের কনসার্টে যান, যদিও তখন ব্যাকস্টেজে দেখা করার চেষ্টা ব্যর্থ হয়। পরবর্তীতে সেপ্টেম্বরে তাদের প্রেম নিয়ে আলোচনা শুরু হয় এবং ডিসেম্বরে সুইফট নিজেই তা স্বীকার করেন।
বাগদানের এই আনন্দঘন মুহূর্তে ভক্তরা এখন অপেক্ষায় আছেন সুইফটের পরবর্তী অ্যালবামের জন্য। চলতি আগস্টের শুরুতে তিনি নতুন অ্যালবামের ঘোষণা দিয়ে আরও এক দফা চমক দেন বিশ্বজুড়ে তার অনুসারীদের।