বিনোদন
সব ছাড়ার ঘোষণার পর বিচ্ছেদের গুঞ্জন, মুখ খুললেন নেহা কক্কর
হঠাৎ করেই ব্যক্তিগত ও পেশাগত জীবন থেকে কিছু সময়ের জন্য সরে দাঁড়ানোর ইঙ্গিত দেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। এমনকি তিনি আদৌ আবার ফিরবেন কি না, সে নিয়েও অনিশ্চয়তার কথা উল্লেখ করেন। তবে কোনো স্পষ্ট ব্যাখ্যা না দিয়েই কিছুক্ষণ পর সেই পোস্ট মুছে ফেলেন তিনি।
নেহার এই আকস্মিক ঘোষণার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে নানা জল্পনা-কল্পনা। বিশেষ করে স্বামী রোহনপ্রীত সিংয়ের সঙ্গে তার দাম্পত্য সম্পর্ক নিয়ে শুরু হয় বিচ্ছেদের গুঞ্জন। বিষয়টি নিয়ে এবার সরাসরি মুখ খুলেছেন নেহা কক্কর।

বিচ্ছেদ প্রসঙ্গে ছড়ানো আলোচনার জবাবে নেহা স্পষ্ট ভাষায় জানান, এসব গুজবে কোনো সত্যতা নেই। সামাজিক মাধ্যমে দেওয়া এক ব্যাখ্যায় তিনি অনুরোধ করে বলেন, তার স্বামী ও পরিবারকে যেন এসব আলোচনার বাইরে রাখা হয়। নেহা লেখেন, তার জীবনের সবচেয়ে পবিত্র ও গুরুত্বপূর্ণ মানুষ হলেন তার পরিবার ও স্বামী, যাদের সমর্থন ছাড়া আজকের অবস্থানে পৌঁছানো সম্ভব হতো না।
তিনি আরও জানান, কিছু ব্যক্তি ও একটি নির্দিষ্ট ব্যবস্থার প্রতি তার ক্ষোভ রয়েছে, যা সম্পূর্ণই ব্যক্তিগত বিষয়। এর সঙ্গে তার দাম্পত্য জীবনের কোনো সম্পর্ক নেই বলেও পরিষ্কার করেন তিনি।

সোমবার দেওয়া আবেগঘন পোস্টগুলোর দায় নিজের কাঁধেই নেন এই সংগীতশিল্পী। নেহার মতে, বিষয়টি তার জীবনের জন্য একটি শিক্ষা। তিনি স্বীকার করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার ক্ষেত্রে আরও সংযত হওয়া উচিত ছিল।
নেহা কক্করের ভাষায়, মিডিয়া খুব সহজেই ছোট বিষয়কে বড় করে তুলতে পারে, আর সেই অভিজ্ঞতা থেকেই তিনি এই শিক্ষা পেয়েছেন।