পরিবেশ-জলবায়ু

ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস, তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ০৪:০১ পিএম

ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস, তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ
ফাইল ছবি

আগামী কয়েক দিন ধরে বৃষ্টির ধারা বজায় থাকতে পারে দেশের বিভিন্ন প্রান্তে। তবে বৃষ্টির সঙ্গে সঙ্গে আবহাওয়ার তাপমাত্রা নিয়ে মিলছে কিছুটা দুঃসংবাদও—সব জায়গায় তেমন স্বস্তি মিলবে না। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা থাকলেও, তাপমাত্রা কমার পরিবর্তে আবার কিছুদিন পর সামান্য বাড়তেও পারে।

আজ বুধবার (৬ আগস্ট) সকালে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে ভারি বা অতি ভারি বর্ষণও।

তবে আশার খবর—আজকের দিন ও রাতের তাপমাত্রা থাকছে প্রায় অপরিবর্তিত। পর্যায়ক্রমে আগামী কয়েক দিনের পূর্বাভাস-

বৃহস্পতিবার (৭ আগস্ট): রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে থাকবে দমকা হাওয়া ও বজ্রপাত। সারাদেশে তাপমাত্রা সামান্য কমতে পারে।

শুক্রবার (৮ আগস্ট): ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়ও ঝরতে পারে বৃষ্টি। তাপমাত্রা এ দিনেও সামান্য কমে যেতে পারে।

শনিবার (৯ আগস্ট): রংপুর, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায়, এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। তবে এদিন থেকে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রোববার (১০ আগস্ট): আবহাওয়ার চিত্র প্রায় একই থাকবে। দেশের বেশিরভাগ জায়গায় থাকবে বৃষ্টি, সাথে মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে। তাপমাত্রা আরও সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অফিস বলছে, আগামী পাঁচ দিন ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।