পরিবেশ-জলবায়ু

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়, স্বস্তি মিলতে পারে গরম থেকে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২ এএম

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়, স্বস্তি মিলতে পারে গরম থেকে
ছবি: সংগৃহীত

দেশজুড়ে চলমান তীব্র গরমের মধ্যেই কিছুটা স্বস্তির বার্তা নিয়ে ধেয়ে আসছে একটি শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয়। আগামী ১৪ থেকে ১৯ সেপ্টেম্বর দেশের উত্তর ও পূর্বাঞ্চলে এই বৃষ্টিবলয়ের সক্রিয়তা সবচেয়ে বেশি থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

সংগঠনটি জানিয়েছে, ‘ঈশান-২’ নামের এই আংশিক মৌসুমি বৃষ্টিবলয়টি মূলত রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে বেশি প্রভাব ফেলবে। তবে এর প্রভাবে দেশের অন্য অঞ্চলগুলোতেও তাপমাত্রা কমে কিছুটা আরামদায়ক আবহাওয়ার দেখা মিলতে পারে।

বিডব্লিউওটি তাদের বার্তায় আরও জানিয়েছে, বৃষ্টিবলয়টি সক্রিয় হওয়ার আগেই উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত বেড়ে যেতে পারে। এর ফলে দীর্ঘদিনের প্রচণ্ড গরম ও ভ্যাপসা আবহাওয়ায় কিছুটা প্রশান্তি মিলবে বলে আশা করা যাচ্ছে।

এদিকে আবহাওয়া অফিসের সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

তবে সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।