পরিবেশ-জলবায়ু

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাব: দেশে বাড়ছে বৃষ্টির সম্ভাবনা, কালবৈশাখীর আভাস


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৯:৫৬ এএম

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাব: দেশে বাড়ছে বৃষ্টির সম্ভাবনা, কালবৈশাখীর আভাস
ছবি: সংগৃহীত

হঠাৎ করেই আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলছে দেশে। ঢাকার আকাশে মেঘের আনাগোনা ও বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নতুন করে উদ্বেগ তৈরি করেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ১২০ ঘণ্টার মধ্যে দেশে আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন দেখা দিতে পারে, যা কালবৈশাখীর আগাম সংকেতও হতে পারে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২১.৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ায় আবহাওয়া কিছুটা সহনীয় থাকতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে একটি মৌসুমি লঘুচাপ অবস্থান করছে, যার বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে ধীরে ধীরে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

পূর্বাভাস অনুযায়ী, প্রথম ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

২৫ ও ২৬ মার্চ ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বা সামান্য বাড়তে পারে।

২৭ মার্চ বৃষ্টির প্রবণতা কিছুটা কমে মূলত রংপুর বিভাগে সীমিত থাকতে পারে, তবে দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে এবং তাপমাত্রা আবারও সামান্য বাড়তে পারে।

তবে ২৮ মার্চ পরিস্থিতির বড় পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। ওই দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগের কিছু এলাকায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে। এতে সারাদেশে তাপমাত্রা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে।

সব মিলিয়ে, আগামী কয়েক দিনে বৃষ্টিপাতের পরিমাণ ও বিস্তৃতি বাড়ার স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই আবহাওয়া পরিস্থিতি কালবৈশাখীর মৌসুম শুরুর ইঙ্গিত বহন করতে পারে। তাই সবাইকে আবহাওয়ার হালনাগাদ তথ্যের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।