পরিবেশ-জলবায়ু
আগামী পাঁচ দিনে বৃষ্টি বাড়ার আভাস, স্বস্তি মিলতে পারে তাপপ্রবাহ থেকে
দেশজুড়ে আগামী পাঁচ দিনে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এতে চলমান মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ কিছু এলাকায় কমে আসার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আগামী দুই থেকে তিন দিনের মধ্যে কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু-এক স্থানে দমকা বা ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
বর্তমানে রংপুর, দিনাজপুর, নীলফামারী, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, রাঙ্গামাটি ও লক্ষ্মীপুরসহ রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এই তাপপ্রবাহ কিছু এলাকায় প্রশমিত হতে পারে বলে জানানো হয়েছে।
আবহাওয়াবিদ আরও জানান, উত্তর-পূর্বাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় একই থাকতে পারে। তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করতে পারে।
শুক্রবার (৫ জুন) থেকে সোমবার (৮ জুন) পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অধিকাংশ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বর্ষণও হতে পারে। একই সঙ্গে তাপমাত্রা সামান্য কমে স্বস্তি ফিরতে পারে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনজুড়ে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।