স্বাস্থ্য

আগস্টে ডেঙ্গুতে ৩৯ জনের মৃত্যু


স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৯ এএম

আগস্টে ডেঙ্গুতে ৩৯ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। চলতি বছরের আগস্ট মাসেই এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৯ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, রবিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ২০২৫ সালে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১২২ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৮ জন রোগী, যা এ বছরের এক দিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড। এর আগে গত ৭ জুলাই এক দিনে সর্বোচ্চ ৪৯২ জন রোগী ভর্তি হয়েছিলেন। সব মিলিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার ৪৭৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে মারা যাওয়া চারজনই নারী। তাঁদের মধ্যে দুজন মিটফোর্ড হাসপাতালে, একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃতদের মধ্যে একজনের বয়স মাত্র তিন বছর, অন্যদের বয়স যথাক্রমে ৩৫, ৪০ ও ৫৩ বছর।

তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি ৪১ জনের মৃত্যু হয়েছে জুলাই মাসে। আগস্টে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩৯। এর বাইরে জুনে ১৯, জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭ এবং মে মাসে ৩ জনের মৃত্যু হয়েছে। মার্চ মাসে কোনো রোগী মারা যাননি।

অন্যদিকে, হাসপাতালে ভর্তি রোগীর দিক থেকেও জুলাই মাস ছিল সবচেয়ে বেশি—মাত্র এক মাসেই ভর্তি হন ১০ হাজার ৬৮৪ জন। এ ছাড়া জুনে ভর্তি হন ৫ হাজার ৯৫১ জন, জানুয়ারিতে ১ হাজার ১৬১, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে মাসে ১ হাজার ৭৭৩ এবং আগস্টে (৩১ তারিখ পর্যন্ত) ভর্তি হয়েছেন ১০ হাজার ৪৯৬ জন।

সর্বশেষ বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ভর্তি হয়েছেন ১৫৩ জন রোগী। অন্যদিকে, ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ভর্তি হয়েছেন—ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ১০৫, ময়মনসিংহে ১৬, চট্টগ্রামে ৯৩, খুলনায় ৪২, রাজশাহীতে ৩৮, বরিশালে ১১০ এবং সিলেটে ২ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৪৮৬ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪৭৭ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৯ জন।

উল্লেখ্য, বাংলাদেশে ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য লিপিবদ্ধ করছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ২০২৩ সালে সর্বোচ্চ তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। একই বছর এ রোগে রেকর্ড ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল।