স্বাস্থ্য
সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করা হচ্ছে। একই সঙ্গে স্বাস্থ্য খাতে বড় পরিসরে জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে গ্রাম পর্যায় পর্যন্ত উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায়।
গতকাল শনিবার (১৮ জুলাই) রাতে নরসিংদীর মনোহরদী উপজেলার গাংকুলকান্দী ভূঁইয়া বাজার মাঠ-সংলগ্ন এলাকায় নবদিগন্ত ক্লাব আয়োজিত মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে কাজ করছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার পাশাপাশি স্বাস্থ্যসেবায় ব্যাপক জনবল নিয়োগ দেওয়া হবে। সরকারের লক্ষ্য হলো প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।
তিনি আরও বলেন, বাংলাদেশের বিরুদ্ধে এখনো নানা ধরনের ষড়যন্ত্র চলছে। তাই নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে এবং তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে।
বক্তব্যে তিনি বলেন, একাত্তরে একটি গোষ্ঠী পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগিতা করেছিল এবং দেশের বুদ্ধিজীবীদের হত্যার উদ্দেশ্যে তুলে দিয়েছিল। স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে সেই রাজনৈতিক গোষ্ঠীকে বর্জনের আহ্বান জানান তিনি।
নবদিগন্ত ক্লাবের চেয়ারম্যান অধ্যাপক মোস্তাক আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ, মনোহরদী উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন, সদস্য গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের সদস্যসচিব মাসুদুর রহমান সোহাগ, লেবুতলা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন শাহীন মোড়ল, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম ফরহাদসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা।
অনুষ্ঠানে ৪০ জন শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তির ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী।