সারাবিশ্ব

কাবুলের নিরাপদ এলাকায় রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ জন


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৯:৩৯ এএম

কাবুলের নিরাপদ এলাকায় রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ জন
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি রেস্তোরাঁয় শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন চীনা নাগরিক রয়েছেন, বাকি ছয়জন আফগান নাগরিক। সোমবার রাতে সংঘটিত এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএসআইএল (আইএস)।

স্থানীয় সূত্র ও আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, বিস্ফোরণটি ঘটে কাবুলের একটি জনপ্রিয় রেস্তোরাঁয়, যা একজন চীনা মুসলিম নাগরিকের যৌথ মালিকানায় পরিচালিত হতো। রেস্তোরাঁটির রান্নাঘরের কাছে এই বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে। আইএসআইএল এক বিবৃতিতে জানিয়েছে, তাদের একজন আত্মঘাতী বোমা হামলাকারী এ হামলা চালিয়েছে।

আফগান পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানান, হামলার শিকার রেস্তোরাঁটি কাবুলের বাণিজ্যিক এলাকা শাহর-ই-নও-তে অবস্থিত। এই এলাকায় বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিস, শপিং কমপ্লেক্স এবং বিদেশি দূতাবাস রয়েছে। এজন্য এলাকাটিকে আফগানিস্তানের অন্যতম নিরাপদ অঞ্চল হিসেবে বিবেচনা করা হতো।

এই বিস্ফোরণের ঘটনায় কাবুলে নতুন করে নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে। হামলার পরপরই নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলে এবং তদন্ত শুরু করে। তবে এখন পর্যন্ত হামলায় নিহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

সূত্র: আল জাজিরা