সারাবিশ্ব
সৌদি আরবে সব কনস্যুলার সেবা স্থগিত করল যুক্তরাষ্ট্র
সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলার জেরে দেশটিতে অবস্থিত নিজেদের সকল মিশনে কনস্যুলার সেবা স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
রিয়াদস্থ মার্কিন দূতাবাস এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই জরুরি সিদ্ধান্তের কথা জানায়।
বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার ভোরে রিয়াদের মার্কিন দূতাবাসে দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। ড্রোনগুলো আঘাত হানার পর দূতাবাস ভবনে আগুন ধরে যায় এবং স্থাপনার আংশিক ক্ষয়ক্ষতি হয়। তবে এই হামলায় কোনো হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।
হামলার পরপরই রিয়াদ, জেদ্দা ও দাহরানে অবস্থিত মার্কিন মিশনগুলোতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে দূতাবাস জানায়: মঙ্গলবার পূর্বনির্ধারিত সকল নিয়মিত ও জরুরি সাক্ষাৎকার (Interview) বাতিল করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কনস্যুলার সেবা বন্ধ থাকবে। রিয়াদ, জেদ্দা ও দাহরান মিশনে নিয়োজিত কর্মীদের 'নিরাপদ অবস্থানে' (Stay in safe location) থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
দূতাবাস প্রাঙ্গণে হামলার ঘটনার প্রেক্ষিতে মার্কিন নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা মেনে চলার এবং জনসমাগম বা দূতাবাস এলাকা এড়িয়ে চলার কঠোর পরামর্শ দেওয়া হয়েছে। নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় এই সতর্কতা কার্যকর থাকবে।
মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যে সৌদি আরবে মার্কিন মিশনে এই ড্রোন হামলার ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন বিশ্লেষকরা। এই হামলার পেছনে কারা জড়িত সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া না গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করছে মার্কিন নিরাপত্তা দল।
সূত্র: আল-জাজিরা ও ইউএস অ্যাম্বাসি (রিয়াদ)।