সারাবিশ্ব

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প: ১৩ জনের মরদেহ উদ্ধার, চলছে উদ্ধার অভিযান


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৮:২৩ এএম

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প: ১৩ জনের মরদেহ উদ্ধার, চলছে উদ্ধার অভিযান
ছবি: সংগৃহীত

জাপানের দক্ষিণাঞ্চলে আঘাত হানা ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে পৌঁছেছে। বুধবার (২৯ জুলাই) দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিখোঁজদের উদ্ধারে রাতভর অভিযান চালানো হয়েছে এবং এখনো উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। নিহতদের পাশাপাশি বহু মানুষ আহত হয়েছেন, আর কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে জাপানের দক্ষিণাঞ্চলের প্রধান দ্বীপ কিউশুর কুমামোতো এলাকায় এ ভূমিকম্প আঘাত হানে। কম্পনের পর একটি বিপণিবিতানের অংশ ধসে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণের কারণেই এ ধসের ঘটনা ঘটেছে। এছাড়া একটি কাগজ উৎপাদনকারী কারখানার বিশাল চিমনিও ভেঙে পড়ে।

দেশটির দমকল বিভাগের তথ্য অনুযায়ী, কাশিমা শহরের একটি বিপণিবিতানের দ্বিতীয় তলা ধসে পড়ায় সেখানে বেশ কয়েকজন আটকা পড়েন। একই সময়ে নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজের ইয়াতসুশিরো কারখানার একটি চিমনি ধসে পড়ে। কুমামোতোর জরুরি উদ্ধারকারী দল জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে কয়েকজন আটকা পড়েছেন।

জাপানের অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ২ লাখ ৬০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তাদের অধিকাংশই কুমামোতো প্রদেশের বাসিন্দা। পাশাপাশি পার্শ্ববর্তী নাগাসাকি প্রদেশেও বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশনা জারি করা হয়েছে।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাটি জাপানের রাজধানী টোকিও থেকে প্রায় ৯০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।