সারাবিশ্ব

যুক্তরাষ্ট্রের ১৩ কোম্পানির ওপর ইয়েমেনি হুতিদের নিষেধাজ্ঞা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০৮:৪৩ এএম

যুক্তরাষ্ট্রের ১৩ কোম্পানির ওপর ইয়েমেনি হুতিদের নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চার মাসের যুদ্ধবিরতি ভেঙে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে ইয়েমেনের হুতি আন্দোলন (আনসারআল্লাহ)। সম্প্রতি তারা যুক্তরাষ্ট্রের ১৩টি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। একই সঙ্গে তালিকাভুক্ত হয়েছে আরও ৯ ব্যক্তি ও দুটি জাহাজ। মঙ্গলবার সানায় হুতি-নিয়ন্ত্রিত হিউম্যানিটারিয়ান অপারেশনস কো-অর্ডিনেশন সেন্টার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এর আগে চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্র ও হুতিদের মধ্যে হামলা বন্ধে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। তবে সেপ্টেম্বরের শুরুতে ওয়াশিংটন হুতিদের বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা জারি করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে ইয়েমেনে ইরান-ঘনিষ্ঠ গোষ্ঠীর বিরুদ্ধে সবচেয়ে বড় মার্কিন পদক্ষেপ হিসেবে অভিহিত করেছিলেন।

ওই সময় যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ জানিয়েছিল, নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং চারটি জাহাজকে। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল অর্থ সংগ্রহ, চোরাচালান ও হামলায় সম্পৃক্ত থাকার। এ তালিকায় কিছু চীনা কোম্পানিও ছিল, যাদের বিরুদ্ধে হুতিদের সামরিক সরঞ্জাম সরবরাহের অভিযোগ আনা হয়।

২০২৩ সালের শেষ দিক থেকেই যুক্তরাষ্ট্র হুতিদের বিরুদ্ধে অভিযোগ করে আসছে যে তারা লোহিত সাগরে আন্তর্জাতিক বাণিজ্যপথে বিঘ্ন ঘটাচ্ছে। এ সময় হুতিরা শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, বিশেষ করে ইসরায়েল-সম্পৃক্ত জাহাজগুলোর ওপর। হুতিদের দাবি, এসব হামলা গাজায় ইসরায়েলি অভিযানের প্রতিশোধ এবং ফিলিস্তিনিদের সমর্থনে পরিচালিত হচ্ছে।

সূত্র : শাফাক নিউজ