সারাবিশ্ব

২০২৫ সালে সৌদি আরবে ইতিহাসের সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১২:২৬ পিএম

২০২৫ সালে সৌদি আরবে ইতিহাসের সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর
ছবি: সংগৃহীত

২০২৫ সালে সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর করার সংখ্যা ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড স্পর্শ করেছে। টানা দ্বিতীয় বছরে দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বিপুল সংখ্যক ব্যক্তির। মানবাধিকার সংস্থাগুলো এটিকে সৌদি আরবের ইতিহাসের এক ‘রক্তক্ষয়ী সময়’ হিসেবে আখ্যায়িত করেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা রিপ্রাইভের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত সৌদি আরবে অন্তত ৩৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর আগের বছর ২০২৪ সালে সংখ্যাটি ছিল ৩৪৫।

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশই মাদকসংক্রান্ত অহিংস অপরাধে অভিযুক্ত ছিলেন। জাতিসংঘ বিষয়টিকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী হিসেবে দেখেছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের অর্ধেকের বেশি বিদেশি, যার মধ্যে পাকিস্তান, মিসর ও জর্ডানের নাগরিকও রয়েছেন। সৌদি কর্তৃপক্ষ বিবিসির মন্তব্যের কোনো সাড়া দেয়নি।

মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করেছে, সৌদি আরবে বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে। রিপ্রাইভের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের প্রধান জিদ বাসিউনি বলেন, “সৌদি আরব কার্যত আন্তর্জাতিক মানবাধিকার ব্যবস্থাকে উপহাস করছে। নির্যাতনের মাধ্যমে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করা এখানে সাধারণ ঘটনা।”

এই বছর মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের মধ্যে একজন সাংবাদিক ও দুজন যুবক আছেন, যাদের গ্রেপ্তারের সময় তারা অপ্রাপ্তবয়স্ক ছিলেন। আবদুল্লাহ আল-দারাজি ও জালাল আল-লাব্বাদ নামের ওই দুই যুবককে শিয়া সম্প্রদায়ের হয়ে বিক্ষোভে অংশ নেওয়ায় সন্ত্রাসবাদের অভিযোগে দণ্ডিত করা হয়েছে। এছাড়া সাংবাদিক তুর্কি আল-জাসিরকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ইউনেসকো এই ঘটনার ওপর গণমাধ্যমের স্বাধীনতায় সরাসরি আঘাত হিসেবে মন্তব্য করেছে।

হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর করার রেকর্ডকে ‘ভয়াবহ’ হিসেবে বর্ণনা করেছে। সংস্থার গবেষক জোয়ি শেয়া বলেন, আন্তর্জাতিক ক্রীড়া ও বিনোদন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সৌদি কর্তৃপক্ষ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আড়াল করার চেষ্টা করছে।

এদিকে জাতিসংঘের বিশেষ দূত মরিস টিডবল-বিঞ্জ সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বিচারপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং দণ্ড কার্যকর করার আগে পরিবারের কাছে অবহিত করা অত্যন্ত জরুরি।