সারাবিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ‘খুব কাছাকাছি’ পৌঁছেছে দুই পক্ষ: আব্বাস আরাগচি


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১১:৩৯ এএম

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ‘খুব কাছাকাছি’ পৌঁছেছে দুই পক্ষ: আব্বাস আরাগচি
ছবি: সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ের খুব কাছাকাছি পৌঁছেছে। তার মতে, আগামী কয়েক দিনের মধ্যেই এ সমঝোতা স্বাক্ষর হতে পারে।

শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা এর আগে কখনোই এতটা কাছাকাছি আসেনি। সমঝোতা স্মারক চূড়ান্ত হলে উভয় পক্ষ নিজ নিজ দেশ থেকে ডিজিটাল স্বাক্ষর করবে এবং পরে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

তিনি আরও জানান, প্রস্তাবিত এই সমঝোতা স্মারকে লেবাননসহ বিভিন্ন অঞ্চলে যুদ্ধ বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। তার ভাষায়, অন্তর্বর্তী চুক্তি বাস্তবায়ন না হলে কোনো পারমাণবিক আলোচনা শুরু হবে না। সম্ভাব্য চুক্তি স্বাক্ষরের পর দুই পক্ষ নতুন করে যুদ্ধ শুরু না করার অঙ্গীকার করবে এবং পরবর্তী ষাট দিনের মধ্যে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হবে, যার লক্ষ্য হবে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো।

এদিকে গত আট এপ্রিল যুদ্ধবিরতি শুরুর পর সম্প্রতি আবারও ইরান ও যুক্তরাষ্ট্র একে অপরের ওপর হামলার ঘটনা ঘটায়। গত বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে কঠোর হামলার হুমকি দেন। তবে কিছুক্ষণ পরই তিনি জানান, তিনি হামলা না চালানোর নির্দেশ দিয়েছেন, কারণ দুই দেশের মধ্যে একটি চুক্তি প্রস্তুত হচ্ছে। এরপরই সমঝোতা স্মারকের বিষয়টি সামনে আসে।