সারাবিশ্ব

প্রশান্ত মহাসাগরে আবারও মার্কিন হামলায় নিহত ৩


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৬:৪৬ পিএম

প্রশান্ত মহাসাগরে আবারও মার্কিন হামলায় নিহত ৩
ছবি: সংগৃহীত

পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের অভিযোগে অভিযুক্ত একটি নৌকাকে লক্ষ্য করে আবারও বড় ধরনের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

বৃহস্পতিবার (১৮ জুন) চালানো এই আকস্মিক হামলায় নৌকাটিতে থাকা অন্তত তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

লাতিন আমেরিকায় কথিত মাদক পাচারকারীদের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বর্তমানে কঠোর ও আগ্রাসী সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। সর্বশেষ এই হামলার পর চলতি বছরের সেপ্টেম্বরের শুরু থেকে ‘নারকো-টেররিস্ট’ বা মাদক-সন্ত্রাসী হিসেবে চিহ্নিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে মার্কিন বাহিনীর অভিযানে নিহতের সংখ্যা অন্তত ২১১ জনে পৌঁছেছে।

পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবিয়ান সাগরে সাম্প্রতিক এসব হামলা প্রসঙ্গে মার্কিন সাউদার্ন কমান্ড জানিয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে নামা হয়েছে। তবে নৌকাটি সত্যিই মাদক বহন করছিল কি না, সে বিষয়ে এখনো কোনো সুস্পষ্ট প্রমাণ প্রকাশ করেনি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, সাগরে আঘাত হানার পর দ্রুতগামী নৌকাটিতে আগুন ধরে যায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, লাতিন আমেরিকার শক্তিশালী মাদক চক্রগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের এক ধরনের সরাসরি সংঘাত চলছে। তার মতে, এসব সামরিক অভিযান যুক্তরাষ্ট্রে মাদকের অবৈধ প্রবাহ কমানো এবং অতিরিক্ত মাদক সেবনে মৃত্যুহার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তবে বিশ্লেষক ও সমালোচকেরা এই ধরনের হামলার বৈধতা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, ফেন্টানাইলসহ প্রাণঘাতী মাদকের বড় অংশ মেক্সিকো সীমান্ত দিয়ে স্থলপথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে, যা মূলত চীন ও ভারত থেকে আসা রাসায়নিক উপাদান দিয়ে তৈরি। ফলে সমুদ্রে নৌকা লক্ষ্য করে হামলা চালিয়ে মাদক পাচার বন্ধ করা কতটা কার্যকর, তা নিয়ে সংশয় রয়েছে।