সারাবিশ্ব
মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ৮৫টি সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে ইরান। বাহরাইন ও কুয়েতে অবস্থিত গুরুত্বপূর্ণ ঘাঁটিসহ মোট ৮৫টি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
বুধবার (৮ জুলাই) তেহরানের পক্ষ থেকে বলা হয়, মার্কিন বিমান হামলার জবাবে ইরানের নৌ ও বিমান বাহিনী যৌথভাবে এই সামরিক অভিযান পরিচালনা করেছে। আইআরজিসি এক জরুরি বিবৃতিতে দাবি করে, বাহরাইনে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের প্রধান ঘাঁটি এবং কুয়েতের আলী আল-সালেম বিমানঘাঁটিকে সরাসরি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
তাদের দাবি অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোর মোট ৮৫টি নির্দিষ্ট স্থানে এই আক্রমণ চালানো হয়েছে। ইরানের সামরিক নীতিনির্ধারকেরা এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ও ইসলামাবাদ চুক্তি লঙ্ঘনের বিরুদ্ধে ‘প্রাথমিক প্রতিক্রিয়া’ হিসেবে উল্লেখ করেছেন।
ইরানের দাবি, বুধবার সকালে মার্কিন বিমানবাহিনী হরমুজগান ও মাহশাহর অঞ্চলের কয়েকটি উপকূলীয় সামরিক ঘাঁটি ও অসামরিক স্থাপনায় হামলা চালানোর পরই তারা পাল্টা পদক্ষেপ নেয়।
এর আগে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছিল, তারা ইরানের আশিটির বেশি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। সেই ঘটনার পরপরই ইরান বাহরাইন ও কুয়েতে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে পাল্টা হামলার দাবি করে।
আইআরজিসি আরও অভিযোগ করেছে, মার্কিন হামলা ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানকে আড়াল করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। তাদের মতে, ওয়াশিংটন এই সামরিক পদক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ওই ঘটনাটির গুরুত্ব কমিয়ে দেখাতে চেয়েছে।
সূত্র: আল জাজিরা