সারাবিশ্ব

এবার যুক্তরাষ্ট্রকে ‘চূড়ান্ত বিধ্বংসী’ জবাবের হুমকি ইরানের


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৬:৫৩ পিএম

এবার যুক্তরাষ্ট্রকে ‘চূড়ান্ত বিধ্বংসী’ জবাবের হুমকি ইরানের
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে যুক্তরাষ্ট্রকে ‘চূড়ান্ত বিধ্বংসী’ প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান।

শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ইরানের নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্য নিয়ে দেশটির বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে কঠোর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। আগামী সোমবার এ বিষয়ে বিস্তারিত ঘোষণা দেওয়ার কথা জানান তিনি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, যেসব দেশ ইরানকে ‘যেকোনো ধরনের সহায়তা’ দেবে, তাদেরও অর্থনৈতিক পরিণতির মুখে পড়তে হবে।

এসব হুমকির জবাবে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আলী আবদোল্লাহি শুক্রবার বলেন, যুক্তরাষ্ট্র নতুন কোনো হুমকি বা চাপ প্রয়োগ করলে তার জবাব হবে ব্যাপক ও নির্ণায়ক।

তিনি বলেন, স্থল, সমুদ্র, আকাশ, আকাশ প্রতিরক্ষা ও সাইবার ক্ষেত্রে চূড়ান্ত, শাস্তিমূলক ও বিধ্বংসী প্রতিক্রিয়া জানানোর জন্য ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে।

ইরানের পার্লামেন্টের স্পিকার এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতাকারীদের মাধ্যমে চলা আলোচনায় দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফও ওয়াশিংটনের অবস্থানের সমালোচনা করেছেন।

ইরাক সফরের সময় তিনি বলেন, ওয়াশিংটন সম্ভবত বুঝতে পেরেছে যে সরাসরি সামরিক সংঘাতে ইরানের বিরুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয়। এ কারণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন অর্থনৈতিক চাপের পাশাপাশি জনমত ও মানসিক প্রভাব বিস্তারের যুদ্ধের দিকে যাচ্ছে। অন্যায্য নিষেধাজ্ঞা মোকাবিলায় ইরানকে এমন পরিকল্পনা করতে হবে, যাতে সেগুলো কাটিয়ে ওঠা সম্ভব হয়।

এদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার হুমকির পর তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে তেলের দাম।