সারাবিশ্ব
বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প
বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৭ জুলাই) তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক ঘোষণায় এ তথ্য জানান তিনি।
এর আগে চলতি বছরের ২ এপ্রিল বিভিন্ন দেশের ওপর ‘রেসিপ্রোকাল ট্যারিফ’ বা পারস্পরিক প্রতিশোধমূলক শুল্ক আরোপের সিদ্ধান্ত নেন ট্রাম্প প্রশাসন। ওই সময় বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক ধার্য করা হয়েছিল, যা পূর্বের গড় ১৫ শতাংশ শুল্কের তুলনায় দ্বিগুণেরও বেশি ছিল।
তবে সর্বশেষ ঘোষণায় এই হার কিছুটা কমিয়ে ৩৫ শতাংশে নির্ধারণ করা হয়েছে। ট্রাম্পের এমন পদক্ষেপ বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে উদ্বেগের কারণ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে তৈরি পোশাক ও চামড়াজাত পণ্য, যেগুলোর বড় বাজার যুক্তরাষ্ট্রে—সেগুলোর প্রতিযোগিতা সক্ষমতা কমে যেতে পারে এই শুল্ক বৃদ্ধির ফলে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত মূলত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ উৎপাদন খাতকে সুরক্ষা দিতে নেওয়া একটি কৌশল। তবে এতে বাংলাদেশের রপ্তানি খাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকার এবং ব্যবসায়িক সংগঠনগুলোর পক্ষ থেকে কূটনৈতিকভাবে আলোচনার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না সংশ্লিষ্টরা।