সারাবিশ্ব
গাজা যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব
গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় বিষয়ক চুক্তির ঘোষণাকে ইতিবাচক অগ্রগতি হিসেবে মূল্যায়ন করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এক বিবৃতিতে তিনি জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রস্তাবের ভিত্তিতে ইসরায়েল ও হামাসের মধ্যে যে সমঝোতা হয়েছে, তা গাজায় চলমান সংকট নিরসনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
গুতেরেস এক্স (পূর্বে টুইটার)-এ দেওয়া পোস্টে বলেন, "এই অতি প্রয়োজনীয় অগ্রগতির জন্য যুক্তরাষ্ট্র, কাতার, মিসর ও তুরস্কের কূটনৈতিক উদ্যোগকে সাধুবাদ জানাই।" পাশাপাশি তিনি সব পক্ষকে চুক্তির শর্তাবলি পুরোপুরি মেনে চলার আহ্বান জানান।
জাতিসংঘ মহাসচিব তার বিবৃতিতে বলেন, "সব বন্দিকে সম্মানজনকভাবে মুক্তি দিতে হবে এবং অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতির দিকে অগ্রসর হতে হবে। গাজায় বাধাহীনভাবে মানবিক সহায়তা ও বাণিজ্যিক পণ্যের প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে।"
তিনি আরও জানান, জাতিসংঘ এই শান্তি চুক্তি বাস্তবায়নে সহায়তা করবে এবং গাজার পুনর্গঠন ও টেকসই মানবিক কার্যক্রমে নিজেদের ভূমিকা আরও জোরদার করবে।
গুতেরেস জোর দিয়ে বলেন, "এটি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের দিকে অগ্রসর হওয়ার একটি ঐতিহাসিক সুযোগ। এখনই সময় দখলদারিত্বের অবসান ঘটিয়ে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার স্বীকৃতি দেওয়ার।" তিনি আশা প্রকাশ করেন, এই চুক্তির মাধ্যমে ইসরায়েলি ও ফিলিস্তিনিরা শান্তি ও নিরাপত্তার মধ্যে সহাবস্থান করতে পারবে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম ধাপে ইসরায়েল ও হামাস সাময়িক যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে।