সারাবিশ্ব
হাদিকে হত্যার প্রতিবাদে ৭ দেশের ভারতীয় দূতাবাসের সামনে শিখদের বিক্ষোভ আজ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে বিশ্বের সাতটি দেশের ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করবে পাঞ্জাবের স্বাধীনতাকামী শিখ সম্প্রদায়ের একাংশ। আজ বুধবার (স্থানীয় সময় অনুযায়ী) দুপুর ১২টায় একযোগে এ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে)-এর জেনারেল কাউন্সেল গুরপতওয়ান্ত সিং পান্নুন এক ভিডিও বার্তায় এ কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, বাংলাদেশে সংঘটিত রাজনৈতিক হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং ভারতের ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতেই এ বিক্ষোভ কর্মসূচি।
পান্নুন জানান, বাংলাদেশের ঢাকা ছাড়াও পাকিস্তানের ইসলামাবাদ, অস্ট্রেলিয়ার মেলবোর্ন, যুক্তরাজ্যের লন্ডন, ইতালির মিলান, কানাডার টরন্টো ও ভ্যাঙ্কুভার এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ভারতীয় দূতাবাস ও কনস্যুলেটগুলোর সামনে শিখ জনগোষ্ঠীর পক্ষ থেকে বিক্ষোভ করা হবে। এ সময় সংশ্লিষ্ট কনস্যুলেটগুলো বন্ধের দাবিও জানানো হবে।
তিনি বলেন, ‘বুধবার নিজ নিজ দেশের স্থানীয় সময় দুপুর ১২টায় আমরা ভারতীয় কনস্যুলেটগুলো বন্ধ করার কর্মসূচি পালন করব। এর মাধ্যমে বাংলাদেশে ছাত্রনেতা ও রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে ভারতের সরকারের কথিত হত্যার পরিকল্পনা এবং ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরা হবে।’
গুরপতওয়ান্ত সিং পান্নুন আরও বলেন, ‘শিখস ফর জাস্টিস বাংলাদেশের অভ্যন্তরে ভারতের গুপ্তহত্যার পরিকল্পনা আন্তর্জাতিকভাবে প্রকাশ করতে যাচ্ছে। ওসমান হাদিকে হত্যা করা হয়েছে এবং এর দায় ভারতীয় রাষ্ট্রযন্ত্র এড়াতে পারে না। আমরা ভারতীয় দূতাবাসগুলোকে কর্মসূচির মাধ্যমে বন্ধ করার আহ্বান জানিয়েছি, কারণ এগুলোকে আমরা ভারতের গোয়েন্দা সংস্থা “র”-এর কার্যক্রম পরিচালনার কেন্দ্র বলে মনে করি।’
তিনি অভিযোগ করে বলেন, ‘ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার এই হত্যাকাণ্ডের জন্য দায়ী। এই দূতাবাস থেকেই গুপ্তচরবৃত্তি, নজরদারি ও হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়ন করা হয়। এ কারণেই ঢাকা, ইসলামাবাদ, মেলবোর্ন, লন্ডন, মিলান, টরন্টো, ভ্যাঙ্কুভার ও ওয়াশিংটন ডিসিতে একযোগে কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।’
উল্লেখ্য, আততায়ীর গুলিতে আহত হয়ে টানা কয়েক দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শহীদ শরীফ ওসমান হাদি সম্প্রতি মৃত্যুবরণ করেন। তার হত্যাকাণ্ড ঘিরে দেশে-বিদেশে ব্যাপক প্রতিক্রিয়া ও প্রতিবাদ অব্যাহত রয়েছে।