সারাবিশ্ব

গ্রিনল্যান্ড ইস্যুতে অনড় ট্রাম্প: ‘পিছু হটার কোনো সুযোগ নেই’


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০৯:৩০ এএম

গ্রিনল্যান্ড ইস্যুতে অনড় ট্রাম্প: ‘পিছু হটার কোনো সুযোগ নেই’
ছবি: সংগৃহীত

গ্রিনল্যান্ড ইস্যুতে নিজের অবস্থান থেকে একচুলও সরছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি স্পষ্ট করে বলেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে পিছু হটার কোনো সুযোগ নেই।

সম্প্রতি হোয়াইট হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গ্রিনল্যান্ড অধিগ্রহণে তিনি কতদূর যেতে প্রস্তুত-এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “সময় হলেই সব জানা যাবে।” তার এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ ও আলোচনা সৃষ্টি করেছে।

এরই মধ্যে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে বিষয়টি ঘিরে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সতর্ক করে বলেন, বিশ্ব ধীরে ধীরে নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার বাইরে সরে যাচ্ছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি মন্তব্য করেন, পুরোনো বৈশ্বিক শাসনব্যবস্থা আর ফিরে আসছে না।

বুধবার দাভোসে পৌঁছানোর কথা রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের। তিনি জানিয়েছেন, সম্মেলনের ফাঁকে গ্রিনল্যান্ড ইস্যুতে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, শেষ পর্যন্ত এই ইস্যু যুক্তরাষ্ট্রের পক্ষেই ইতিবাচকভাবে নিষ্পত্তি হবে।

ন্যাটোর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলেছেন ট্রাম্প। তার ভাষায়, যুক্তরাষ্ট্র ন্যাটোর জন্য সবচেয়ে বেশি আর্থিক ও সামরিক অবদান রাখে, কিন্তু সংকটের মুহূর্তে ন্যাটো যুক্তরাষ্ট্রকে আদৌ সহায়তা করবে কি না-সে বিষয়ে তার যথেষ্ট সন্দেহ রয়েছে।

এদিকে গ্রিনল্যান্ডের শিল্প ও প্রাকৃতিক সম্পদবিষয়ক মন্ত্রী নাজা নাথানিয়েলসেন ট্রাম্পের বক্তব্যে বিস্ময় প্রকাশ করে বলেন, গ্রিনল্যান্ডের জনগণ আমেরিকান হতে চায় না। তারা নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করতে চায়।

বিশ্লেষকদের মতে, গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের এই কঠোর ও আগ্রাসী অবস্থান যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্রদের মধ্যে নতুন করে কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি করতে পারে, যা বৈশ্বিক রাজনীতিতে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।

সূত্র: বিবিসি