সারাবিশ্ব
কঙ্গোতে ভয়াবহ ভূমিধস, ২০০ জনের প্রাণহানির শঙ্কা
দ্য ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলে মিলিশিয়াদের নিয়ন্ত্রণাধীন একটি খনিতে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০০ জনের প্রাণহানির আশঙ্কা করছে দেশটির সরকার।
রবিবার (১ ফেব্রুয়ারি) দেশটির সরকার এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করেছে। কিনশাসা থেকে এএফপি এ খবর জানায়।
রাজধানী কিনশাসা থেকে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়েছে, দুর্গম এলাকায় অবস্থান করায় এখনো হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা সম্ভব হয়নি।
সরকারি সূত্র জানিয়েছে, ভূমিধসের ঘটনাটি ঘটেছে দেশটির খনিজসমৃদ্ধ পূর্বাঞ্চলের একটি খনিতে, যা বর্তমানে এম২৩ সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। উদ্ধারকাজ ব্যাহত হওয়ায় অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২১ সালে পুনরায় সক্রিয় হওয়ার পর এম২৩ সশস্ত্র গোষ্ঠী ডিআর কঙ্গোর সম্পদ সমৃদ্ধ পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা দখলে নেয়। এরপর ২০২৪ সালের এপ্রিল মাসে রুয়ান্ডার সহায়তায় তারা নর্থ কিভু প্রদেশের রুবায়া খনিরও নিয়ন্ত্রণ নেয়।
বিশ্লেষকদের মতে, নিরাপত্তাহীন পরিবেশ, অবৈধ খনন এবং নিয়মিত তদারকির অভাবের কারণেই এসব খনিতে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। ভূমিধসের ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।