সারাবিশ্ব
বেঁচে আছেন খামেনি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জীবিত আছেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এ প্রকাশিত এক প্রতিবেদনে খামেনির মৃত্যুর দাবি করা হলেও তেহরান তা নাকচ করেছে।
মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ-কে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি বলেন, “আমি যতটুকু জানি, সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন।” তিনি আরও জানান, দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা নিজ নিজ দায়িত্বে রয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
তবে সাম্প্রতিক হামলায় ইরানের দুজন কমান্ডার নিহত হয়েছেন বলে স্বীকার করেন তিনি। বাকিদের নিরাপদ থাকার কথাও উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।
এদিকে বার্তাসংস্থা রয়টার্স তিনটি সূত্রের বরাতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী এবং ইসলামিক বিপ্লবী গার্ডের প্রধান নিহত হয়েছেন।
সূত্রগুলোর দাবি, হামলার শুরুতেই ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের প্রধান জেনারেল মোহাম্মদ পাকপোর এবং প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাহেদ প্রাণ হারান।
শনিবার সকালে ইরানের বিভিন্ন স্থানে আকস্মিক হামলার পর এসব তথ্য সামনে আসে। এ বিষয়ে ইরানি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক পূর্ণাঙ্গ বিবৃতি এখনো পাওয়া যায়নি।