সারাবিশ্ব

খরচ কমাতে বড় পদক্ষেপ, ২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা বিবিসির


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১১:২২ এএম

খরচ কমাতে বড় পদক্ষেপ, ২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা বিবিসির
ছবি: সংগৃহীত

বৈশ্বিক গণমাধ্যম খাতে বাড়তে থাকা আর্থিক চাপের প্রেক্ষাপটে বড় ধরনের পুনর্গঠনের পথে হাঁটছে বিবিসি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী তিন বছরে মোট ব্যয়ের প্রায় ১০ শতাংশ কমানোর লক্ষ্য নিয়ে প্রায় ২ হাজার কর্মী ছাঁটাই করা হবে—যা গত দেড় দশকের মধ্যে তাদের সবচেয়ে বড় কর্মী ছাঁটাইয়ের ঘটনা।

বুধবার এক অভ্যন্তরীণ বৈঠকে কর্মীদের সামনে এই সিদ্ধান্ত তুলে ধরা হয়। সংবাদমাধ্যম ‘ইন্ডিপেন্ডেন্ট’-এর তথ্য অনুযায়ী, এই পদক্ষেপ প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি ব্যয় সংকোচন পরিকল্পনার অংশ।

এদিকে, এই বড় পরিবর্তনের সময়েই নেতৃত্বে আসছেন প্রযুক্তি খাতের অভিজ্ঞ ব্যক্তি, গুগলের সাবেক নির্বাহী ম্যাট ব্রিটিন, যিনি আগামী মাসে বিবিসির মহাপরিচালকের দায়িত্ব নেবেন। তার আগমনের প্রাক্কালে প্রতিষ্ঠানটি কাঠামোগত সংস্কারের দিকে আরও জোর দিচ্ছে।

পুনর্গঠনের অংশ হিসেবে বিশেষ জাতীয় আয়োজন—যেমন রাজকীয় অন্ত্যেষ্টিক্রিয়া বা রাষ্ট্রীয় অনুষ্ঠান পরিচালনাকারী বিভাগটিকেও ছোট করা হবে। ভবিষ্যতে এই ইউনিটে কেবল একজন স্থায়ী কর্মী রাখা হবে, আর প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা হবে ফ্রিল্যান্সারদের মাধ্যমে।

বিবিসি জানিয়েছে, গত তিন বছরে তারা ৫০০ মিলিয়ন পাউন্ডেরও বেশি ব্যয় সাশ্রয় করেছে, যার একটি বড় অংশ পুনরায় বিনিয়োগ করা হয়েছে মানসম্মত কনটেন্ট তৈরিতে। তবে দ্রুত পরিবর্তনশীল মিডিয়া বাজারে টিকে থাকতে এবং আর্থিক ভারসাম্য বজায় রাখতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া এখন অপরিহার্য হয়ে উঠেছে।

প্রতিষ্ঠানটির মতে, এই সিদ্ধান্ত কেবল ব্যয় কমানোর জন্য নয়; বরং ভবিষ্যৎমুখী সেবা উন্নয়ন এবং কার্যক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই নেওয়া হয়েছে।