সারাবিশ্ব
কলম্বিয়ায় মহাসড়কে ভয়াবহ বোমা হামলায় নিহত ১৪
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় একটি মহাসড়কে ভয়াবহ বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৮ জন, যাদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে। ধারাবাহিক বিস্ফোরণ ও সহিংসতায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শনিবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কাউকা প্রদেশের প্যান-আমেরিকান মহাসড়কের কাজিবিও এলাকার এল টুনেল নামক স্থানে এই হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণের পর মহাসড়কজুড়ে ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়ে এবং একাধিক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।
কাউকা অঞ্চলের গভর্নর অক্টাভিও গুজমান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ঘটনাটিকে বেসামরিক মানুষের ওপর নির্বিচার হামলা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এ ধরনের বর্বরতা মোকাবিলায় কাউকা একা সক্ষম নয় এবং জাতীয় পর্যায়ে সহায়তা প্রয়োজন।
কলম্বিয়ার সশস্ত্র বাহিনীর কমান্ডার জেনারেল হুগো লোপেজ জানিয়েছেন, এটি একটি সুপরিকল্পিত সন্ত্রাসী হামলা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ‘ইভান মোরদিস্কো’ নেটওয়ার্ক এবং ‘জাইমে মার্টিনেজ’ নামের সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করা হয়েছে।
এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে ভায়ে দেল কাউকার গভর্নর ফ্রান্সিসকা তোরো পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত সেনা মোতায়েন ও গোয়েন্দা তৎপরতা জোরদারের দাবি জানিয়েছেন।
এদিকে ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সূত্র আল জাজিরা