সারাবিশ্ব
‘ডাকাত বধূ’ ৯ম বিয়ে করতে গিয়ে ধরা, টার্গেট সম্পদ লুট
ভারতের মহারাষ্ট্র রাজ্যে ভুয়া বিয়ের ফাঁদ পেতে অর্থ হাতিয়ে নেওয়া একটি প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। ‘ডাকাত বধূ’ নামে পরিচিত এক নারী ধারাবাহিকভাবে একাধিক বিয়ে করে স্বামীদের সম্পদ আত্মসাৎ করার অভিযোগে অভিযুক্ত হয়েছেন।
মঙ্গলবার (৬ মে) এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, ওই নারী ইতোমধ্যে আটজনকে বিয়ে করে প্রতারণার মাধ্যমে অর্থ ও মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যান। সর্বশেষ বীড জেলার উমাপুর গ্রামের এক ব্যক্তিকে নবম টার্গেট বানানোর পর বিষয়টি সামনে আসে।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে এই প্রতারণা চালানো হতো। ঘটকের সহায়তায় সচ্ছল পুরুষদের বিয়ে করার প্রস্তাব দেওয়া হতো। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরপরই কনে নগদ টাকা ও মূল্যবান জিনিস নিয়ে সহযোগীদের সহায়তায় গা-ঢাকা দিতেন।
নবম ভুক্তভোগীর সন্দেহের ভিত্তিতে বিষয়টি প্রকাশ্যে আসে। পরে অনুসন্ধানে আগের আটটি বিয়ের তথ্যও সামনে আসে, যা পুরো চক্রের কার্যক্রম উন্মোচন করে।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করেছেন। মামলা নেওয়ার পর তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী এবং অভিযুক্ত নারীসহ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।