সারাবিশ্ব

ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২ হাজার ৬৪৫


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১২:০৮ পিএম

ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২ হাজার ৬৪৫
ছবি: সংগৃহীত

উত্তর ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৬৪৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ হাজার ৬৬৬ জন।

শুক্রবার দেশটির যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, ভূমিকম্পের পর থেকে এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ৮৬ হাজার ১১৭টি পরিবারের কাছে জরুরি সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। এ দুর্যোগে মোট ৮৮৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৮৯টি ভবন সম্পূর্ণভাবে ধসে পড়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, উদ্ধার অভিযানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ৩ হাজার ৩০০ জনের বেশি উদ্ধারকর্মী অংশ নিয়েছেন। পাশাপাশি ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনায় কারাকাস সরকার প্রায় ৩০ হাজার কর্মী মোতায়েন করেছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, গত ২৪ জুন দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত দেশটিতে মোট ৮৯০টি পরাঘাত অনুভূত হয়েছে।

এর মধ্যে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি ইয়ারাকুই রাজ্যের ইয়ুমারে শহর থেকে ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটি সান ফিলিপ শহরের ২৩ দশমিক ৯ কিলোমিটার উত্তর-পূর্বে আঘাত হানে।

সংবাদমাধ্যমটির প্রকাশিত তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।