সারাবিশ্ব

নিজেকে ‘বড় ইহুদিবাদী রাষ্ট্রপ্রধান’ দাবি আর্জেন্টিনা প্রেসিডেন্টের


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৭:৪৮ পিএম

নিজেকে ‘বড় ইহুদিবাদী রাষ্ট্রপ্রধান’ দাবি আর্জেন্টিনা প্রেসিডেন্টের
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই আবারও ইসরায়েল ও ইহুদি জনগণের প্রতি নিজের দৃঢ় সমর্থনের কথা তুলে ধরে নিজেকে বিশ্বের ‘সবচেয়ে বড় ইহুদিবাদী রাষ্ট্রপ্রধান’ বলে দাবি করেছেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক ইয়েশিভা ইউনিভার্সিটিতে দেওয়া এক ভাষণে তিনি এ মন্তব্য করেন।

সোমবার বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মিলেই বলেন, ইসরায়েলের প্রতি তার অকুণ্ঠ সমর্থনের কারণেই বিভিন্ন রাজনৈতিক তাত্ত্বিক তার সমালোচনা করছেন। কট্টর উদারতাবাদী চিন্তাবিদ হান্স-হারম্যান হোপের সমালোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইসরায়েলের শক্তিশালী সমর্থক হওয়ায় হোপে বিরক্ত।

এ সময় উপস্থিত দর্শকদের করতালির মধ্যে তিনি নিজেকে গর্বিত জায়নবাদী হিসেবে পরিচয় দেন এবং দাবি করেন, তিনিই বিশ্বের সবচেয়ে বড় জায়নবাদী রাষ্ট্রপ্রধান।

বক্তৃতায় মিলেই তার রাজনৈতিক অবস্থানের পাশাপাশি দার্শনিক দৃষ্টিভঙ্গিও ব্যাখ্যা করেন। তিনি বলেন, পশ্চিমা সভ্যতার তিনটি মৌলিক ভিত্তি জীবন, স্বাধীনতা ও ব্যক্তিগত সম্পত্তির অধিকার- তাওরাত ও বাইবেলের ‘দশ আদেশ’-এর ওপর প্রতিষ্ঠিত।

নিজেকে ‘অ্যানার্কো-ক্যাপিটালিস্ট’ হিসেবে পরিচয় দেওয়া মিলেই দীর্ঘদিন ধরেই ইহুদি ধর্মের প্রতি আগ্রহ প্রকাশ করে আসছেন। বিভিন্ন সময় তিনি ইহুদি ধর্মীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি ইসরায়েলের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়ে আসছেন।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্য ইস্যুতে আর্জেন্টিনার পররাষ্ট্রনীতিকে আরও স্পষ্টভাবে ইসরায়েলমুখী করেছেন মিলেই। বিশ্লেষকদের মতে, তাঁর সাম্প্রতিক এই মন্তব্য সেই অবস্থানেরই পুনর্ব্যক্ত।