সারাবিশ্ব
কৌতূহলবশত মসজিদ পরিদর্শনে গিয়ে ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার ফুটবলার
অস্ট্রেলিয়ার জাতীয় ফুটবল দলের উদীয়মান ফরোয়ার্ড তেতে ইয়েঙ্গি (২৫) ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। অ্যাডিলেডের একটি মসজিদে জুমার নামাজ শেষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে কালিমায়ে শাহাদাত পাঠ করে ইসলামে দীক্ষিত হন।
শনিবার (১১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ইসলামিক ইনফরমেশন।
প্রতিবেদনে বলা হয়েছে, মুসলমানদের ইবাদতের পদ্ধতি এবং মসজিদের পরিবেশ সম্পর্কে জানার আগ্রহ থেকেই তিনি অ্যাডিলেডের ওই মসজিদে যান। সেখানে জুমার খুতবা দিচ্ছিলেন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ মুফতি ইসমাইল মেঙ্ক।
নামাজ শেষে মুফতি মেঙ্কের সঙ্গে আলাপচারিতার একপর্যায়ে তিনি ইয়েঙ্গিকে ইসলাম গ্রহণের আহ্বান জানান। এতে সানন্দে সম্মতি জানিয়ে উপস্থিত সবার সামনে ইসলাম ধর্ম গ্রহণ করেন এই ফুটবলার।
ইসলাম গ্রহণের বিষয়ে ইয়েঙ্গি জানান, এটি হঠাৎ নেওয়া কোনো সিদ্ধান্ত নয়। ক্রীড়া বিষয়ক গণমাধ্যম নুজুম স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দীর্ঘদিনের অধ্যয়ন, গভীর চিন্তাভাবনা এবং ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছেন। নিজের আত্মতৃপ্তি ও উপলব্ধি থেকেই ইসলামের পথে আসার কথা জানান তিনি।
দক্ষিণ সুদানীয় বংশোদ্ভূত তেতে ইয়েঙ্গি বর্তমানে স্কটিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব লিভিংস্টোনের হয়ে খেলছেন। তার দ্রুতগতি ও আক্রমণভাগে দক্ষতার জন্য পরিচিত এই ফরোয়ার্ড ২০২৬ সালের বিশ্বকাপকে সামনে রেখে অস্ট্রেলিয়ার জাতীয় দলে ডাক পেয়েছেন।