সারাবিশ্ব
আমি নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানে হামলা অব্যাহত থাকবে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের ওপর হামলা অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে হামলার লক্ষ্যবস্তু হতে পারে ইরানের বিদ্যুৎকেন্দ্র, সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো।
ইরানের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের একাধিক শহর এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির আশপাশের কয়েকটি দ্বীপে মঙ্গলবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা মঙ্গলবার কুয়েত, বাহরাইন ও জর্ডানে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে এ দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মার্কিন হামলার জবাবে ইরান কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে। তেহরান সাফ জানিয়ে দিয়েছে, তারা কোনো অবস্থাতেই আত্মসমর্পণ করবে না এবং তাদের জাতীয় অবকাঠামোয় আঘাত এলে ইসরায়েলকেও চরম মূল্য দিতে হবে। যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ (ব্লকেড) পুনর্বহাল করেছে।
একই সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপের যে পরিকল্পনা ছিল, তা থেকে সরে এসেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
সূত্র: আলজাজিরা