সারাবিশ্ব
গ্রিস উপকূল থেকে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি
লিবিয়ার উপকূল থেকে বিপজ্জনক ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিত দ্বীপে পৌঁছানোর পর দুই শতাধিক অভিবাসীকে উদ্ধার করেছে গ্রিক কর্তৃপক্ষ। গত ৪৮ ঘণ্টারও কম সময়ে অন্তত ২০২ জন অভিবাসী সেখানে পৌঁছান, যাদের মধ্যে অধিকাংশই বাংলাদেশ ও সুদানের নাগরিক। এছাড়া কিছু মিশরের নাগরিকও রয়েছেন।
গ্রিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইউরোপীয় সীমান্ত ও উপকূল পাহারা সংস্থার একটি বিমানের নজরে পড়ার পর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ইয়েরাপেত্রা এলাকায় ৪০ জন অভিবাসী বহনকারী একটি নৌকা শনাক্ত হয়। পরে কোস্টগার্ডের টহল দল ও একটি মাছ ধরার নৌকার সহায়তায় তাদের নিরাপদে ইয়েরাপেত্রা বন্দরে নেওয়া হয়। সেখানে তাদের পরিচয় যাচাই ও নিবন্ধনের প্রক্রিয়া শুরু হয়েছে।
এর আগে একই এলাকায় আরও দুটি নৌকায় করে ১১২ জন অভিবাসী পৌঁছান। প্রথম দলে ৫৬ জনের মধ্যে ৩১ জন সুদানি এবং ২৫ জন বাংলাদেশি ছিলেন। দ্বিতীয় দলে থাকা ৫৬ জনের মধ্যে ৪৭ জন বাংলাদেশি ও ৯ জন মিশরীয় নাগরিক ছিলেন।
দ্বীপটিতে অভিবাসীর চাপ বেড়ে যাওয়ায় উদ্ধার হওয়া সবাইকে হেরাক্লিয়ন বন্দরের একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।
এদিকে পৃথক এক ঘটনায় ৫০ জন অভিবাসী পাচারের অভিযোগে দক্ষিণ সুদানের ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে গ্রিক কর্তৃপক্ষ। অভিবাসীদের তথ্য অনুযায়ী, ওই কিশোর লিবিয়ার তরুক শহর থেকে গ্রিস পর্যন্ত নৌযান পরিচালনা করেছিল এবং এর জন্য প্রতিজনের কাছ থেকে এক হাজার পাঁচশ থেকে দুই হাজার মার্কিন ডলার পর্যন্ত আদায় করা হয়েছিল।
সূত্র: মিডল ইস্ট মনিটর