সারাবিশ্ব

ফিলিস্তিনিদের অধিকার কেড়ে নিয়ে ইসরায়েল শান্তিতে থাকতে পারবে না: মিশরের পররাষ্ট্রমন্ত্রী


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১২:৪৩ পিএম

ফিলিস্তিনিদের অধিকার কেড়ে নিয়ে ইসরায়েল শান্তিতে থাকতে পারবে না: মিশরের পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার যেকোনো পরিকল্পনা কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি। তিনি বলেছেন, ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার চেষ্টা এখনো চলছে। তবে মিশর সর্বোচ্চ শক্তি দিয়ে এ ধরনের উদ্যোগ প্রতিহত করবে।

ফিলিস্তিনি সংবাদমাধ্যম ওয়াফাকে দেওয়া এক সাক্ষাৎকারে বদর আবদেলাত্তি বলেন, ফিলিস্তিনিদের উৎখাত করা মুসলিম বিশ্বের জন্য একটি ‘চূড়ান্ত সীমা’। গাজার পরিস্থিতি এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে মানুষের পক্ষে স্বাভাবিকভাবে বেঁচে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

তিনি বলেন, এমন পরিস্থিতিতে কেউ যদি গাজা ছেড়ে যেতে বাধ্য হয়, সেটিকে কোনোভাবেই স্বেচ্ছায় দেশত্যাগ বলা যায় না। বরং এটি জবরদস্তি, যা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

মিশর কোনো অবস্থাতেই ফিলিস্তিনিদের দেশত্যাগ মেনে নেবে না জানিয়ে তিনি বলেন, ফিলিস্তিনিরা তাদের নিজ ভূখণ্ডেই থাকবে। তাদের নিজ ভূমিতে থাকার অধিকার রক্ষায় মিশর সবসময় পাশে থাকবে এবং এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী। ফিলিস্তিনিদের ওপর নিপীড়ন এবং তাদের জমি দখলের ঘটনাকে তিনি ‘নীরব দখলদারি’ হিসেবে উল্লেখ করেন। তার মতে, এ ধরনের কর্মকাণ্ড স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে ধ্বংস করে দিচ্ছে।

ইসরায়েলের নিরাপত্তা প্রসঙ্গে বদর আবদেলাত্তি বলেন, সামরিক শক্তি প্রয়োগ করে দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার নিশ্চিত না করা পর্যন্ত ইসরায়েলও শান্তিতে থাকতে পারবে না।

তিনি বলেন, ফিলিস্তিনিদের অধিকার কেড়ে নিয়ে ইসরায়েল কিংবা পুরো মধ্যপ্রাচ্যে প্রকৃত নিরাপত্তা প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

সূত্র: আলজাজিরা