সারাবিশ্ব

ট্রাম্পের কথায় সেনা বা সামরিক সরঞ্জাম পাঠিয়ে ইরান যুদ্ধে জড়াবে না দক্ষিণ কোরিয়া


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পিএম

ট্রাম্পের কথায় সেনা বা সামরিক সরঞ্জাম পাঠিয়ে ইরান যুদ্ধে জড়াবে না দক্ষিণ কোরিয়া
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে ইরান যুদ্ধে সেনা বা সামরিক সরঞ্জাম পাঠাবে না দক্ষিণ কোরিয়া। দেশটির প্রেসিডেন্ট লি জে মিউং শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ অবস্থান স্পষ্ট করেছেন।

লি জে মিউং বলেন, ইরান যুদ্ধে জড়ানোর মতো কোনো পদক্ষেপ নেবে না দক্ষিণ কোরিয়া। তবে বাণিজ্যিক জাহাজ চলাচল, অপরিশোধিত তেল পরিবহন এবং নিজেদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে মধ্যপ্রাচ্যের জলপথে নৌ চলাচলের নিরাপত্তায় কোনো ভূমিকা রাখা যায় কি না, তা পর্যালোচনা করছে সিউল।

এদিকে ইরান যুদ্ধে দক্ষিণ কোরিয়ার সমর্থন পর্যাপ্ত নয় বলে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা এবং গ্রীষ্মে দুই দেশের যৌথ সামরিক মহড়া কমিয়ে দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে দক্ষিণ কোরিয়ায় কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে।

একই সংবাদ সম্মেলনে লি জে মিউং আগামী কয়েক মাসের মধ্যে ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে সম্ভাব্য বৈঠকের ইঙ্গিত দিয়েছেন। তিনি জানান, ট্রাম্প এই আলোচনায় আগ্রহী। যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে সংলাপের সুযোগ তৈরিতে দক্ষিণ কোরিয়া সমন্বয়কের ভূমিকা পালন করে যাচ্ছে।