সারাবিশ্ব
পাকিস্তান সীমান্ত ঘেঁষে ভারতের সামরিক মহড়া, বাড়ছে আঞ্চলিক উত্তেজনা
ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে পাকিস্তান সীমান্তের কাছে তিন দিনব্যাপী একটি সামরিক মহড়ার আয়োজন করতে যাচ্ছে ভারতীয় বিমান বাহিনী। ২৩ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত চলবে এই মহড়া, যেখানে অংশ নিচ্ছে ভারতের সর্বাধুনিক যুদ্ধবিমানসহ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও গুরুত্বপূর্ণ সামরিক প্রযুক্তি।
মহড়ায় অংশ নেবে রাশিয়া থেকে আমদানিকৃত সুখোই এসইউ-৩০, রাফায়েল, মিরাজ ২০০০-এর মতো যুদ্ধবিমান। বিমান বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, এটি একটি পূর্ণাঙ্গ নয়, বরং আংশিক মহড়া। এতে দুই থেকে তিনটি এয়ার কমান্ড অংশ নিচ্ছে। মূলত এই মহড়ার মাধ্যমে বিমান বাহিনীর রাত্রিকালীন অভিযান পরিচালনার সক্ষমতা যাচাই করা হবে।
ভারতের বিমান বাহিনী জানায়, মহড়ার বিষয়টি আগেই ‘নোটাম’ (Notice to Airmen) এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, ২৩ থেকে ২৫ জুলাই পর্যন্ত রাজস্থানের আকাশসীমায় কোনো বিদেশি সামরিক বা বেসামরিক বিমান চলাচল থেকে বিরত থাকতে হবে।
তবে এই মহড়া নিয়ে তৈরি হয়েছে কূটনৈতিক উত্তেজনা। কারণ, মাত্র আড়াই মাস আগেই মে মাসের প্রথম দিকে জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের বিমান বাহিনীর মধ্যে চারদিন সংঘর্ষ হয়েছিল। সেই উত্তেজনার রেশ কাটতে না কাটতেই সীমান্তঘেঁষা এলাকায় ভারতের এই মহড়ার আয়োজন, পাকিস্তানের দৃষ্টিতে একটি উসকানিমূলক পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে।
উল্লেখ্য, ভারত ঐতিহাসিকভাবে সামরিক শক্তির জন্য রাশিয়ার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। এই মহড়ায় অংশ নেওয়া যুদ্ধবিমানগুলোর বেশিরভাগই রাশিয়া থেকে কেনা। ফলে মহড়াটিকে শুধু একটি সামরিক প্রস্তুতি নয়, বরং একটি কৌশলগত বার্তা হিসেবেও দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
এই পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ায় নতুন করে সামরিক উত্তেজনা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক মহলও ভারতের এই পদক্ষেপের ওপর নজর রাখছে।