সারাবিশ্ব

ভারতে ‘জেন-জি’ বিক্ষোভে সহিংসতা, মোদির বিজেপি’র কার্যালয়ে আগুন


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৬ পিএম

ভারতে ‘জেন-জি’ বিক্ষোভে সহিংসতা, মোদির বিজেপি’র কার্যালয়ে আগুন
ছবি: সংগৃহীত

লাদাখে রাজ্যের মর্যাদা ও ষষ্ঠ তফসিল কার্যকরের দাবিতে বুধবারের বিক্ষোভ সহিংস আকার ধারণ করেছে। বিক্ষোভকারীরা বিজেপির কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় এবং নিরাপত্তা বাহিনী টিয়ারগ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে।

অ্যাক্টিভিস্ট সোনম ওয়াংচুক সংবাদ সম্মেলনে জানান, পুলিশ গুলি চালানোর কারণে তিন থেকে পাঁচজন তরুণ নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বহু মানুষ আহত হলেও সঠিক সংখ্যা এখনও নিশ্চিত নয়। তিনি বলেন, ‘‘আজকের তরুণদের এই আন্দোলন এক ধরনের ‘জেন-জি বিপ্লব’। পাঁচ বছর ধরে তারা বেকার। এটি সামাজিক অস্থিরতার একটি রেসিপি।’’ সহিংসতার নিন্দা জানিয়ে ওয়াংচুক বলেন, সহিংসতা কোনো সমাধান নয় এবং এটি আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করছে।

এর আগে অনশনরত দুই প্রবীণ ব্যক্তি অজ্ঞান হয়ে হাসপাতালে নেওয়া হলে শিক্ষার্থী ও যুব সংগঠনগুলো লেহতে শাটডাউন ডাকে। বুধবার বিপুলসংখ্যক মানুষ অনশনস্থলে জড়ো হলে বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কংগ্রেস নেতা সেরিং নামগিয়াল জানান, যুবকরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বিজেপি কার্যালয় ও একটি নিরাপত্তা যানবাহনে আগুন ধরিয়ে দেয়।

ওয়াংচুকসহ অনেকে গত ৩৫ দিন ধরে অনশন কর্মসূচি চালিয়ে আসছেন। কেন্দ্রীয় সরকার আগামী ৬ অক্টোবরের জন্য নতুন আলোচনার ঘোষণা দিয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালে অনুচ্ছেদ ৩৭০ রহিত ও জম্মু-কাশ্মীর পুনর্গঠন আইন কার্যকর হওয়ার পর লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়। আইনসভাহীন লাদাখ সরাসরি কেন্দ্রীয় প্রশাসনের অধীনে চলে যাওয়ায় স্থানীয়রা ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির দাবি জানাচ্ছেন। বর্তমানে লাদাখের ৯০ শতাংশেরও বেশি মানুষ অনগ্রসর উপজাতি সম্প্রদায়ের অন্তর্গত, যা এ দাবিকে আরও শক্তিশালী করেছে।

 

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভি