সারাবিশ্ব

ইমরান খানকে ‘জাতীয় নিরাপত্তা হুমকি’ বলা হাস্যকর ও ভিত্তিহীন: পিটিআই


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:০২ পিএম

ইমরান খানকে ‘জাতীয় নিরাপত্তা হুমকি’ বলা হাস্যকর ও ভিত্তিহীন: পিটিআই
ছবি: সংগৃহীত

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে ‘জাতীয় নিরাপত্তা হুমকি’ হিসেবে অভিহিত করায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

দলটির সাধারণ সম্পাদক সালমান আকরাম রাজা শনিবার এক সংবাদ সম্মেলনে আইএসপিআরের মহাপরিচালকের মন্তব্যকে ‘হাস্যকর’ এবং ‘বাস্তবতা-বিবর্জিত’ বলে আখ্যা দেন।

তিনি বলেন, ইমরান খান কোনোভাবেই জাতীয় নিরাপত্তার হুমকি নন। বরং তিনি দেশের জনগণকে ঐক্যবদ্ধ করেছেন এবং পাকিস্তানের স্বার্থের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন। সাম্প্রতিক সাংবিধানিক সংশোধনী পাসের মাধ্যমে দেশের গণতান্ত্রিক পরিবেশ আরও দুর্বল হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। পাকিস্তানের শীর্ষ সংবাদমাধ্যম ডন-এর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী ইমরান খানের বিরুদ্ধে সেনাবাহিনীবিরোধী বক্তব্য প্রচারের অভিযোগ তোলেন। তিনি বলেন, এ ধরনের বক্তব্য এখন রাজনীতির গণ্ডি পেরিয়ে জাতীয় নিরাপত্তার হুমকিতে পরিণত হয়েছে।

তার এই বক্তব্যের জবাবে পিটিআই শনিবার পাল্টা সংবাদ সম্মেলন করে। সেখানে সালমান আকরাম রাজা বলেন, জনগণকে ভুল পথে পরিচালিত না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “পাকিস্তানের মানুষ ইমরান খানের পাশে আছে। তিনি জাতীয় নিরাপত্তার হুমকি নন—বরং দেশের স্বার্থের একজন রক্ষক।”

তিনি আরও বলেন, পাকিস্তানে জাতীয়তাবাদী, ধর্মভিত্তিকসহ নানা রাজনৈতিক মতাদর্শ বিদ্যমান থাকলেও ইমরান খান সবসময় দেশের বৃহত্তর স্বার্থকেই প্রাধান্য দিয়েছেন। পিটিআই সমর্থক ও ভোটারদের প্রতি তার অবস্থানও ছিল অত্যন্ত দৃঢ়।

সংবাদ সম্মেলনে রাজা আরও সতর্ক করে বলেন, “ইমরান খানকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া সহজ হবে না। যদি খাইবার পাখতুনখাওয়ার নির্বাচিত সরকারকে হটিয়ে একটি অনির্বাচিত প্রশাসন বসানো হয়, তবে তার পরিণতির দায় সেনাবাহিনীকেই নিতে হবে।”

আইএসপিআরের বক্তব্যকে ‘দুর্ভাগ্যজনক’ উল্লেখ করে পিটিআই সাধারণ সম্পাদক বলেন, দলের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর জবাব দেওয়ার প্রয়োজন মনে করছে না দলটি। তিনি বলেন, “দেশের সবচেয়ে জনপ্রিয় নেতাকে জাতীয় নিরাপত্তা হুমকি বলা হাস্যকর ছাড়া আর কিছুই নয়। এর আগেও জনপ্রিয় নেতাদের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তোলা হয়েছে।”

এ সময় তিনি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর উদাহরণ টেনে বলেন, অতীতে বহুবার জনপ্রিয় নেতাদের ‘রাষ্ট্রের হুমকি’ বলে অপসারণের চেষ্টা হয়েছে, কিন্তু কোনওটিই সফল হয়নি। ইতিহাসের ধারাবাহিক উদাহরণ টেনে তিনি উল্লেখ করেন, “সামরিক শাসন সমৃদ্ধির প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত সবসময় ব্যর্থ হয়েছে।”

পিটিআইএর দাবি, জনগণের ভালোবাসা ও সমর্থন থেকে ইমরান খানকে কোনো শক্তিই দূরে সরাতে পারবে না। পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এই বিতর্ক নতুন মাত্রা যোগ করলেও, ইমরান খান ও সেনাবাহিনীর সম্পর্ক নিয়ে উত্তাপ আরও বাড়তে পারে বলেই ধারণা করা হচ্ছে।