সারাবিশ্ব
ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালাতে বিমান বাংলাদেশকে পাকিস্তানের অনুমতি
ঢাকা থেকে করাচিতে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে পাকিস্তান, যা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য নতুন সুযোগ তৈরি করবে। শুক্রবার (২ জানুয়ারি) পাকিস্তানি সংবাদমাধ্যম সামা নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।
সংবাদমাধ্যমটি এই অনুমতিকে আঞ্চলিক বিমান চলাচলে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে এবং উল্লেখ করেছে, নতুন বছরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আকাশ সংযোগকে এটি নতুন অধ্যায়ের সূচনা করবে।
সরকারি অনুমোদনের পর পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) বিমান বাংলাদেশকে ঢাকা-করাচি রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। প্রাথমিকভাবে এই অনুমোদন ৩০ মার্চ ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে, এরপর পুনর্বিবেচনার সুযোগ রয়েছে।
নতুন অনুমোদনের আওতায় বিমান বাংলাদেশ অফিসিয়াল রুট ব্যবহার করে পাকিস্তানের আকাশসীমায় বিমান চলাচল করতে পারবে। তবে পাকিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান বাংলাদেশকে এই রুট কঠোরভাবে মানতে হবে। অনুমতির পাশাপাশি করাচি বিমানবন্দরে একটি আলাদা স্লটও বরাদ্দ করা হয়েছে। ফ্লাইট পরিচালনার আগে ঢাকা থেকে করাচি বিমানবন্দর কর্তৃপক্ষকে বিস্তারিত তথ্য জানানো এবং অপারেশনাল ও নিরাপত্তা সমন্বয় নিশ্চিত করা আবশ্যক।
বিমান চলাচল সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু হলে উভয় দেশের জনগণের জন্য ভ্রমণ সুবিধা বেড়ে যাবে। এটি টু-টু জনগণ সম্পর্ক জোরদার করবে এবং ব্যবসা ও বানিজ্য সম্প্রসারণে সহায়ক হবে।