সারাবিশ্ব

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৪০ জনের মৃত্যু


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৭:১৩ পিএম

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৪০ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় খাদে পড়ে দুমড়ে-মুচড়ে গেছে একটি যাত্রীবাহী বাস। এতে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (৩ জুলাই) বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া সীমান্তের কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শেরানি জেলার দানা সার এলাকা অতিক্রম করে বাসটি খাইবার পাখতুনখাওয়ার ডেরা ইসমাইল খান জেলায় প্রবেশের পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে।

শেরানি জেলার ডেপুটি কমিশনার ওয়ালি খান কাকার জানান, বাসটি কোয়েটা থেকে ৩৬ জন যাত্রী নিয়ে পেশাওয়ারের উদ্দেশে যাত্রা করেছিল। তবে পথে আরেকটি বাস বিকল হয়ে গেলে সেখানকার কয়েকজন যাত্রীও এই বাসে ওঠেন। ফলে যাত্রীর সংখ্যা আরও বেড়ে যায়।

এদিকে ভয়াবহ এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বেলুচিস্তান সরকার। এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রদেশটির মুখ্যমন্ত্রীর গণমাধ্যম ও রাজনৈতিকবিষয়ক সহকারী শাহিদ রিন্দ।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি সংশ্লিষ্ট বিভাগগুলোকে দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন বলে জানানো হয়েছে।