সারাবিশ্ব

মেট্রোতে হেডফোন ছাড়া ভিডিও দেখলেই গুনতে হবে জরিমানা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৭:৫৯ পিএম

মেট্রোতে হেডফোন ছাড়া ভিডিও দেখলেই গুনতে হবে জরিমানা
ছবি: সংগৃহীত

মেট্রো রেলে যাতায়াতের সময় উচ্চস্বরে গান শোনা বা ভিডিও দেখার কারণে সহযাত্রীদের বিরক্তির অভিযোগ দীর্ঘদিনের। এবার এই প্রবণতা ঠেকাতে কঠোর ব্যবস্থা নিয়েছে বেঙ্গালুরু মেট্রো রেল করপোরেশন লিমিটেড। নতুন নিয়ম অনুযায়ী, হেডফোন ব্যবহার না করে মোবাইলে ভিডিও দেখা বা স্পিকারে গান চালালে যাত্রীদের গুনতে হবে জরিমানা।

ভারতের বিভিন্ন মেট্রো ব্যবস্থায় আগে সর্বোচ্চ জরিমানা ছিল ৫০০ টাকা। তবে সংশোধিত বিধিতে তা বাড়িয়ে করা হয়েছে ২ হাজার ৫০০ টাকা। গত ১৯ জুন থেকে এই নিয়ম কার্যকর হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের স্বস্তি নিশ্চিত করতে এবং শব্দদূষণ কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বর্তমানে এই নিয়ম মূলত চেন্নাই ও বেঙ্গালুরুতে কার্যকর রয়েছে। যদিও কলকাতা মেট্রোতে এখনো এমন কোনো বিধান চালু হয়নি। তবে বেঙ্গালুরু মেট্রো কর্তৃপক্ষের দাবি, এই ধরনের নিয়ম দেশের অন্যান্য মেট্রো পরিষেবাতেও প্রযোজ্য হতে পারে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, সহযাত্রীদের অসুবিধা সৃষ্টি করে এমন যেকোনো আচরণে জরিমানা আরোপ করা হবে। এর মধ্যে রয়েছে-

* স্পিকারে গান বা ভিডিও চালানো
* হেডফোন ছাড়া ভিডিও দেখা
* উচ্চস্বরে চিৎকার করা
* অশালীন ভাষা ব্যবহার
* মদ্যপ অবস্থায় ভ্রমণ
* থুতু ফেলা
* কোচের মেঝেতে বসা
* মেট্রোর সম্পত্তি নষ্ট করা
* অশোভন আচরণ

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৫–২৬ অর্থবছরে প্রায় ৫৭ হাজার যাত্রীকে স্পিকারে গান বা ভিডিও চালানোর জন্য সতর্ক করা হয়েছিল। যদিও আগে জরিমানার বিধান থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে সতর্ক করেই ছেড়ে দেওয়া হতো।

এছাড়া, মেট্রো এলাকায় অনুমতি ছাড়া পোস্টার বা ব্যানার লাগানো কিংবা বিক্ষোভ করলে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা হতে পারে। নিষিদ্ধ এলাকায় প্রবেশ বা ট্র্যাকে নামলে জরিমানা হতে পারে ৫ হাজার টাকা পর্যন্ত। ট্র্যাকে প্রবেশ করে পরিষেবা ব্যাহত করলে মোট জরিমানা ২৫ হাজার টাকা পর্যন্ত গড়াতে পারে। ভুয়া টিকিট ব্যবহার বা সরকারি নোটিশ বিকৃত করলেও একই পরিমাণ জরিমানার বিধান রাখা হয়েছে।