সারাবিশ্ব

রাশিয়াকে দুই সপ্তাহের আল্টিমেটাম দিলেন ট্রাম্প


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১০:৫৪ এএম

রাশিয়াকে দুই সপ্তাহের আল্টিমেটাম দিলেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, রাশিয়া–ইউক্রেন যুদ্ধ যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই সপ্তাহের মধ্যে রাশিয়ার ওপর উচ্চমাত্রার শুল্ক, বড় আকারের নিষেধাজ্ঞা, কিংবা উভয় পদক্ষেপ নেওয়া হতে পারে।

হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আল্টিমেটাম দেন।

সম্প্রতি ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন সরকারের মালিকানাধীন একটি কারখানা ধ্বংস হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, “এ ঘটনায় আমি আনন্দিত নই। শুধু এই ঘটনাই নয়, এই যুদ্ধ–সংক্রান্ত কিছু নিয়েই আমি খুশি নই।”

তিনি আরও যোগ করেন, “আগামী দু’সপ্তাহের মধ্যে আমরা সংকট সমাধানের একটি পথ খুঁজব। যদি তা সম্ভব হয়, কেবল তখনই আমি খুশি হব। কিন্তু সমাধান না এলে আমাকে রাশিয়া বিষয়ে একটি বড় সিদ্ধান্ত নিতে হবে।”

ট্রাম্প জানান, সিদ্ধান্তটি হবে “খুবই গুরুত্বপূর্ণ”—যেটি হয়তো উচ্চমাত্রার শুল্ক, অথবা বড় নিষেধাজ্ঞা, কিংবা দুটোই হতে পারে।

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ চলছে প্রায় সাড়ে তিন বছর ধরে। সংঘাত নিরসনে সম্প্রতি সক্রিয় হয়েছেন ট্রাম্প।

১৫ আগস্ট আলাস্কায় প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন তিনি।

১৮ আগস্ট হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন।

এরপর ট্রাম্প জানান, শিগগিরই তাঁর উদ্যোগে পুতিন ও জেলেনস্কির মধ্যে বৈঠক হতে পারে এবং যুক্তরাষ্ট্রই সেই বৈঠকের আয়োজক হতে পারে।

এদিকে, ট্রাম্প–ইউরোপীয় নেতাদের বৈঠকের সমালোচনা করে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, এটি ছিল রাশিয়াকে চাপে ফেলার জন্য ইউরোপীয় নেতাদের “আনাড়ি প্রচেষ্টা”।

সূত্র : রয়টার্স, দ্য গার্ডিয়ান, এএফপি