সারাবিশ্ব

যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়ে জনজীবন বিপর্যস্ত, জরুরি অবস্থা জারি


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৩ এএম

যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়ে জনজীবন বিপর্যস্ত, জরুরি অবস্থা জারি
ছবি: সংগৃহীত

ভয়াবহ তুষারঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র-এর জনজীবন। স্থানীয় সময় রোববার দেশটির উত্তর-পূর্বাঞ্চলের একাধিক অঙ্গরাজ্যে শক্তিশালী এই ঝড় আঘাত হানে। পরদিন সোমবার সকাল ৯টা পর্যন্ত পাওয়া তথ্যে দেখা যায়, নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভানিয়া, দেলওয়ার, কানেকটিকাট, রোড আইল্যান্ড, ম্যাসাচুসেটস, নিউ হ্যামশায়ার ও ভার্জিনিয়া-এই রাজ্যগুলোতে ১৯ ইঞ্চি থেকে শুরু করে দুই ফুট পর্যন্ত তুষারপাত হয়েছে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, দিন-রাতব্যাপী তুষারঝড়ে আক্রান্ত এলাকাগুলোতে ব্যবসা-বাণিজ্য কার্যত স্থবির হয়ে পড়েছে। সড়ক ও মহাসড়কে ন্যাশনাল গার্ড, স্টেট পুলিশ, সিটি পুলিশ, অ্যাম্বুলেন্স এবং তুষার অপসারণকারী যানবাহন ছাড়া অন্য কোনো যান চলাচল করছে না।

সিটি, স্টেট ও কাউন্টি প্রশাসনের তথ্যমতে, সোমবার সকাল নাগাদ ৩ লাখ ৬৬ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। ঝড়ের কবলে পড়া প্রায় ৪ কোটি মার্কিন নাগরিকের মধ্যে ৫ লক্ষাধিক বাংলাদেশি আমেরিকানও রয়েছেন বলে জানা গেছে।

সূত্র জানায়, নিউইয়র্ক স্টেটের সেন্টার মরিসে ১৯.৮ ইঞ্চি, নিউজার্সির ফ্রিহোল্ডে ১৯ ইঞ্চি, মাউন্ট হোলিতে ১৮.৫ ইঞ্চি, পেনসিলভানিয়ার ফেয়ারলেস হিলসে ১৮ ইঞ্চি এবং দেলওয়ারে ১৮ ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন, এই তুষারপাতের ধারা রাত পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

তুষারঝড়ের আগাম সতর্কতার প্রেক্ষিতে সাড়ে ৫ হাজারের বেশি জাতীয় ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়। পরিস্থিতি মোকাবিলায় নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভানিয়া, দেলওয়ার, কানেকটিকাট, রোড আইল্যান্ড ও ম্যাসাচুসেটস রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভানিয়া ও কানেকটিকাটে জরুরি যানবাহন ছাড়া সব ধরনের যান চলাচল নিষিদ্ধ করা হয়।

এদিকে, বিশেষ জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের ঘরের বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন জোহরান মামদানি। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।