সারাবিশ্ব

ইরানে সেনা পাঠানোর সম্ভাবনা থেকে পিছু হটলেন ট্রাম্প


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০২:৩৮ পিএম

ইরানে সেনা পাঠানোর সম্ভাবনা থেকে পিছু হটলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের ২১তম দিনে এসে ইরানে সরাসরি মার্কিন সেনা মোতায়েনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, বর্তমানে ইরানে কোনো ধরনের মার্কিন স্থলবাহিনী পাঠানোর পরিকল্পনা নেই।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, “না, আমি কোথাও সেনা পাঠাচ্ছি না। যদি পাঠাতামও, তবে তা আপনাদের জানাতাম না। কিন্তু এখন আমি সেনা পাঠাচ্ছি না।” তার এই বক্তব্য চলমান যুদ্ধ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা প্রায় ‘নিশ্চিহ্ন’ হয়ে গেছে। তবে বিভিন্ন সূত্রে ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে এখনো কিছু পারমাণবিক সরঞ্জাম চাপা পড়ে থাকতে পারে, যা উদ্ধার বা জব্দ করার বিষয়টি নিয়ে নীতিনির্ধারকদের মধ্যে আলোচনা চলছে। বিশ্লেষকদের মতে, এ ধরনের অভিযান পরিচালনা করতে হলে বিপুল সংখ্যক মার্কিন সেনা প্রয়োজন হতে পারে—যা আপাতত এড়িয়ে চলার ইঙ্গিতই দিচ্ছে হোয়াইট হাউস।

উল্লেখ্য, ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক অভিযান চালিয়ে আসছে। এর জবাবে ইরান ইসরায়েলের বিভিন্ন স্থানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি ও স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতেও আঘাত হানছে।

ফলে এই সংঘাত ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যের অন্তত ১৪টি দেশে প্রভাব ফেলেছে এবং পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। সামরিক উত্তেজনার পাশাপাশি কূটনৈতিক সমাধানের সম্ভাবনাও এখন আন্তর্জাতিক মহলের আলোচনার কেন্দ্রে রয়েছে।

সূত্র: রয়টার্স