আইন আদালত
শেখ হাসিনা-রেহানা-জয়-পুতুলসহ ২৮ জনের নামে সমন বিজ্ঞপ্তির নির্দেশ
রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা পাঁচটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্যসহ ২৮ জনকে আগামী ২০ জুলাই আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১ জুলাই) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন। আদালত সরকারের প্রতি নির্দেশ দিয়েছেন, এসব আসামির নামে পত্রিকায় সমন বিজ্ঞপ্তি প্রকাশ করতে।
দুদকের পক্ষ থেকে জানানো হয়, এদিন ছিল আসামিদের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন। তবে সংশ্লিষ্ট থানাগুলো জানায়, আসামিদের দেওয়া ঠিকানায় খুঁজে পাওয়া যায়নি, তারা পলাতক। এ অবস্থায় আদালত তাদের হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।
এই তালিকায় রয়েছেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, কন্যা সায়মা ওয়াজেদ পুতুল, ছেলে সজীব ওয়াজেদ জয়, শেখ রেহানার দুই কন্যা টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক এবং পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিক।
তালিকায় আরও রয়েছেন রাজউকের সাবেক চেয়ারম্যান, সদস্য, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তাসহ একাধিক সরকারি কর্মকর্তা ও ব্যক্তিগত সহকারীরা।
এর আগে গত ২৫ মে পূর্বাচল প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা এক মামলায় শেখ হাসিনাসহ ১২ জনকে পত্রিকায় সমন বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছিলেন আদালত। তবে সেসময় বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় শুনানির নতুন দিন ধার্য করা হয়। আজ সেই মামলায়ও একই নির্দেশ দিয়েছেন আদালত।
জানা গেছে, দুর্নীতি দমন কমিশন (দুদক) চলতি বছরের জানুয়ারিতে পূর্বাচলের প্লট বরাদ্দে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শেখ হাসিনাসহ ২৮ জনের বিরুদ্ধে ছয়টি মামলা দায়ের করে। পরে তদন্ত শেষে গত মার্চে এসব মামলার চার্জশিট আদালতে দাখিল করে দুদক।
চার্জশিটে আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, তারা নিজেদের প্রভাব খাটিয়ে ব্যক্তিগত ও আত্মীয়স্বজনের নামে পূর্বাচলে সরকারি প্লট বরাদ্দ নিয়েছেন, যা দুর্নীতির শামিল।
মামলাগুলো আমলে নিয়ে চলতি বছরের ১৩ ও ১৫ এপ্রিল আদালত পৃথকভাবে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানা আজও কার্যকর না হওয়ায় পরবর্তী পদক্ষেপ হিসেবে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।