আইন আদালত

আলেশা মার্টের চেয়ারম্যান ও তার স্ত্রীর ৪ বছরের কারাদণ্ড


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০৯:২৬ পিএম

আলেশা মার্টের চেয়ারম্যান ও তার স্ত্রীর ৪ বছরের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

প্রতারণার দায়ে ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্ট–এর চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদার এবং তার স্ত্রী সাদিয়া চৌধুরীকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদেরকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

সোমবার (২১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এ রায় ঘোষণা করেন।

২০২২ সালের ৪ আগস্ট এই দম্পতির বিরুদ্ধে আদালতে মামলা করেন ভুক্তভোগী আলা উদ্দিন হোসেন। তার অভিযোগ, ২০২১ সালের ১৫ আগস্ট তিনি আলেশা মার্টের একটি অফারের মাধ্যমে ৩ লাখ ২৪ হাজার ৪৮১ টাকায় তিনটি মোটরসাইকেল অর্ডার করেছিলেন। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও পণ্য না পেয়ে টাকা ফেরত চাইলে তাকে চেক প্রদান করা হয়, যা ডিশনার অনার হয়—অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে টাকা না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয়।

পরবর্তীতে আসামিকে উকিল নোটিশ পাঠানো হলেও টাকা ফেরত না পাওয়ায় তিনি প্রতারণার মামলা করেন।

২০২৩ সালের ১৫ ডিসেম্বর মামলাটির চার্জ গঠন করা হয় এবং এরপর বিচার শুরু হয়। তদন্ত ও শুনানির পর আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে এই রায় দেন।