আইন আদালত
মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন ৫ দিনের রিমান্ডে
আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের অভিযোগে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত রিমান্ড আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সুমাইয়া জাফরিনকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে। শুনানির পর বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বুধবার (৬ আগস্ট) রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে সুমাইয়াকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় তাকে গ্রেফতার দেখানো হয়।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, আওয়ামী লীগের একদল নেতাকর্মীকে গোপনে গেরিলা প্রশিক্ষণ দেওয়ার সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন মেজর সাদিক। সেই প্রশিক্ষণে তার স্ত্রী সুমাইয়া জাফরিনও অংশ নিতেন বলে অভিযোগ রয়েছে। এর আগে গোপন বৈঠক ও প্রশিক্ষণ সংক্রান্ত মামলায় মেজর সাদিককে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে।
এ ঘটনায় ইতোমধ্যেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতাসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের অনেকেই ঢাকার একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত গোপন বৈঠকে অংশ নিয়েছিলেন বলে গোয়েন্দাদের দাবি।