আইন আদালত

তারেক রহমান ও বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি বুধবার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ০৩:৪৪ পিএম

তারেক রহমান ও বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি বুধবার
তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর। ছবি: সংগৃহীত

২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি আগামী বুধবার (২০ আগস্ট) অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৯ আগস্ট) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৬ সদস্যের বেঞ্চ এ দিন ধার্য করেন।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ। অন্যদিকে আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট এস এম শাহজাহান ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

উল্লেখ্য, গত বছরের ১ ডিসেম্বর হাইকোর্ট একটি ঐতিহাসিক রায়ে মামলার সব আসামিকে খালাস দেন। এর পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের অনুমতি নিয়ে ‘লিভ টু আপিল’ করে। এরপর থেকেই মামলাটির আপিল শুনানি চলমান রয়েছে।

এর আগে ২০১৮ সালে বিচারিক আদালত রায় দিয়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং তারেক রহমানসহ আরও ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

পরে হাইকোর্ট বেঞ্চ পুনর্গঠনের পর ২০২৪ সালের ১ ডিসেম্বর সব আসামিকে খালাস দেওয়া হয়, যা নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয় এবং রাষ্ট্রপক্ষ উচ্চ আদালতে আপিল করে।