আইন আদালত

হানিফসহ চারজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১২:৩৫ পিএম

হানিফসহ চারজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

রবিবার (৫ অক্টোবর) সকাল ট্রাইব্যুনাল-২ এ তাদের বিরুদ্ধে পৃথক তিনটি অভিযোগ দাখিল করা হয়। প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বিষয়টি নিশ্চিত করেছেন। হানিফের সঙ্গে অভিযোগে নাম রয়েছে সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরি, মো. শামীম তালুকদার লাবু এবং মো. আবু মুসা-এর।

এদিকে, জুলাই-আগস্টের আন্দোলনের সময় রাজধানীর চাঁনখারপুলে শহীদ আনাসসহ ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় নবম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এর আগে গত ২৫ সেপ্টেম্বর অষ্টম দিনের শুনানিতে তিনজন সাক্ষীর জবানবন্দী ও জেরা সম্পন্ন হয়। এখন পর্যন্ত মোট ১৭ জন সাক্ষী জবানবন্দী দিয়েছেন, যার মধ্যে কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সদস্যও রয়েছেন।

অন্যদিকে, একই সময়ে জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান, আবদুল্লাহ হিল কাফিসহ আটজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এছাড়া মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন মামলায় আরও চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

ট্রাইব্যুনালের কার্যক্রম এখনও চলমান, যেখানে বিভিন্ন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং জেরা অব্যাহত রয়েছে, যা মামলার প্রক্রিয়াকে আরও গতি দিচ্ছে।