আইন আদালত

এস আলমের ১৪২২ বিঘা জমি জব্দের আদেশ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ০৮:৩৪ পিএম

এস আলমের ১৪২২ বিঘা জমি জব্দের আদেশ
এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম। ছবি: সংগৃহীত

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা ১৪২২ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক আদালতে এই আবেদন করেন। শুনানি শেষে আদালত গাজীপুর ও কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে থাকা জমিগুলো জব্দের নির্দেশ দেন।

আদেশ অনুযায়ী- গাজীপুর সদরে ৮ দশমিক ৫৮ একর, শ্রীপুরে ৪ দশমিক ৮৬ একর, কক্সবাজারের পেকুয়ায় ২৭২ দশমিক ৬৮ একর, মহেশখালীতে ১৮০ দশমিক ২৮২১ একর, কক্সবাজার সদরে ২ দশমিক ১২০০ একর এবং চকরিয়া সদর এলাকায় দশমিক ৯৬৭৫ একর জমি জব্দ করা হয়।

দুদকের আবেদনে বলা হয়, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মানিলন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। তদন্তে জানা গেছে, তারা বিভিন্ন ব্যাংক থেকে নামে–বেনামে ঋণ নিয়ে তা আত্মসাৎ করেছেন এবং দেশে–বিদেশে বিপুল পরিমাণ সম্পদ গড়ে তুলেছেন।

এছাড়া, সাইফুল আলম ও তার ঘনিষ্ঠরা এসব সম্পদ অন্যত্র হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন বলেও দুদক দাবি করেছে। তদন্ত চলমান অবস্থায় এসব সম্পদ স্থানান্তর হয়ে গেলে পরবর্তীতে তা উদ্ধার করা কঠিন হয়ে পড়বে বলে উল্লেখ করা হয়।

এই কারণেই আদালতের কাছে জমি জব্দের আবেদন করা হয়, যা আদালত মঞ্জুর করেন।