আইন আদালত

রিজার্ভ চুরি মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন দিন ১৮ ফেব্রুয়ারি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ১১:৩৮ এএম

রিজার্ভ চুরি মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন দিন ১৮ ফেব্রুয়ারি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন থাকলেও সংশ্লিষ্ট তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন জমা না দেওয়ায় নতুন এ তারিখ নির্ধারণ করা হয়।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এ নতুন দিন ধার্য করেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে জালিয়াতির মাধ্যমে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি করা হয়। হ্যাকাররা সুইফট কোড ব্যবহার করে অর্থটি অবৈধভাবে ফিলিপাইনে পাঠায়। সংশ্লিষ্টদের ধারণা, দেশের অভ্যন্তরের একটি চক্রের সহায়তায় আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ এই অর্থপাচার ঘটায়।

এ ঘটনায় একই বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের তৎকালীন উপ-পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধিত ২০১৫) এর ৪ ধারা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন-২০০৬ এর ৫৪ ধারা এবং দণ্ডবিধির ৩৭৯ ধারায় অভিযোগ আনা হয়।

বর্তমানে বহুল আলোচিত এই মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মামলার তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায় বিষয়টি নিয়ে জনমনে নানা প্রশ্ন ও আলোচনার সৃষ্টি হয়েছে।