আইন আদালত

শাকসু নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৩:১৩ পিএম

শাকসু নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত
ছবি: সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের কার্যক্রম চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। আগামীকাল মঙ্গলবার এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সোমবার (১৯ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আশিকুল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে শাকসুর স্বতন্ত্র প্রার্থী মোমিনুর রশিদ শুভ রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেন। রিটে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন দেশের সব ধরনের নির্বাচন স্থগিত রাখার নির্দেশনা দিয়েছে। এমন পরিস্থিতিতে শাকসু ও হল সংসদ নির্বাচন আয়োজন আইনগতভাবে বৈধ নয়।

রিট আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাশনা ইমাম এবং ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

হাইকোর্টের এই আদেশের ফলে শাবিপ্রবির ছাত্র সংসদ নির্বাচন নিয়ে চলমান অনিশ্চয়তা আরও দীর্ঘায়িত হলো। আগামী চার সপ্তাহের মধ্যে এ বিষয়ে পরবর্তী আইনি সিদ্ধান্ত আসবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।